প্রকাশ: শনিবার, ৯ মার্চ, ২০২৪, ৫:৩৬ পিএম আপডেট: ০৯.০৩.২০২৪ ৫:৪০ পিএম (ভিজিট : ২০৬)

X
অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, প্রবাসীরা দেশে যে টাকা পাঠায় তা বৃদ্ধি পাচ্ছে বলেই গত ফেব্রুয়ারি মাসে ২১৬ মিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে। কিন্তু সরকারবিরোধীরা সব বিষয়ে মিথ্যাচার করছে। তাদের মিথ্যাচার এত জঘন্য যে, তিনি তার জবাব দেয়ার প্রয়োজন মনে করেন না। কারণ ওসব নিয়ে কথা বললে তাদেরকে স্বীকৃতি দেয়া হবে।
শনিবার (৯ মার্চ) সকালে দিনাজপুরের খানসামা উপজেলা প্রশাসনের আয়োজনে সব দফতরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
এসময় অর্থমন্ত্রী শিক্ষা কার্যক্রম আধুনিকায়ন ও অটোমেশনের লক্ষ্যে খানসামা ও চিরিরবন্দর উপজেলার ১৮টি স্কুল ও কলেজে অত্যাধুনিক এডুকেশন ম্যানেজমেন্ট সফটওয়্যার কার্যক্রমের উদ্বোধন করেন।
তিনি বলেন, স্কুল-কলেজে ডিজিটাইজেশনের মহৎ উদ্যোগকে সাধুবাদ জানাই। ভবিষ্যতে একে একে দেশের অন্যান্য স্কুল-কলেজও এই আধুনিকায়ন ও ডিজিটালাইজেশনের আওতায় আসবে। সফটওয়্যারের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আধুনিক, সহজ ও উন্নত হবে এবং ব্যাংকিং ব্যবস্থা ব্যবহার করে শিক্ষক-কর্মকর্তাদের বেতন ও শিক্ষার্থীদের বৃত্তি দেয়া হবে।
অর্থমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকারের সাহসী ও বলিষ্ঠ সিদ্ধান্ত এবং স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার যে দৃঢ় প্রত্যয় তার কারণেই এই অটোমেশন সম্ভব হচ্ছে। এই স্কুল-কলেজগুলো আধুনিকায়ন হলে, অটোমেশন এবং ডিজিটাইজেশন হলে, শিক্ষার্থীরা সহজে শিক্ষা কার্যক্রমে অন্তর্ভুক্ত হতে পারলে, এই শিক্ষার্থীদের হাত ধরেই প্রধানমন্ত্রীর স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।
উপজেলা নির্বাহী অফিসার মো. তাজ উদ্দিনের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অর্থমন্ত্রীর একান্ত সচিব নাকিব হাসান তরফদার, উপজেলা চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন, দুয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা বনি তাসনিম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার মোখলেছুর রহমানসহ বিভিন্ন দফতরের কর্মকর্তা ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা।