প্রকাশ: মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ১২:৪৪ পিএম (ভিজিট : ১৯০)

X
বিএনপিতে কেন্দ্রীয় কমিটির ৩ নেতার পদে রদবদল করা হয়েছে। মঙ্গলবার (১৯ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাসুদ আহমেদ তালুকদারকে চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য করা হয়েছে। আর নির্বাহী কমিটির গণশিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুঁইয়াকে সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) এবং সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ রাশেদুল হককে আন্তর্জাতিক সম্পাদক পদে মনোনীত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দল আশা প্রকাশ করে যে, উল্লিখিত নেতারা দলকে সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
এর আগে গতবছর ১৬ সেপ্টেম্বর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, বিএনপির গুরুত্বপূর্ণ পদে রদবদল করা হয়েছে।
সেখানে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম এ মালিককে দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য পদে পদোন্নতি দেয়া হয়।
এছাড়াও সুইডেন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাজমুল আবেদিন মোহনকে সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাঈদ সোহরাবকে সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এবং নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ সভাপতি মাহমুদুর রহমান সুমনকে সহ অর্থনৈতিক বিষয়ক সম্পাদক পদে পদোন্নতি দেয়া হয়।
আবার যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ এবং যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি আব্দুল লতিফ সম্রাটকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য পদে পদোন্নতি দেয়া হয়।
এছাড়াও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনারকে ঢাকা মহানগর উত্তর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক লিটন মাহমুদকে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেয়া হয়।