প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১:৪৫ এএম আপডেট: ২৫.০৪.২০২৪ ১১:৫৩ এএম (ভিজিট : ১৯৩)

X
কিলিয়ান এমবাপের ইতিহাস গড়ার ম্যাচে ফরাসি লিগ ওয়ানের শিরোপার একেবারে কাছাকাছি চলে এসেছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। এমবাপের জোড়া গোলে এই ম্যাচে লরিয়েন্টকে ৪-১ গোলে হারিয়েছে পিএসজি।
ব্যাপারটা নেহাতই কাকতালীয়—গত দুই ম্যাচেও একই ব্যবধানে জিতেছিল তারা। তাই বলা যায় একই ব্যবধানে জয়ের হ্যাটট্রিক করেছে পিএসজি। এই জয়ে শিরোপা ছোঁয়া দূরত্বে পৌঁছে গেছে লুইস এনরিকের দল।
পিএসজি ঘরের মাঠে ম্যাচের ১৯ মিনিটে প্রথম লিড নেয়। গোল করেন উসমান ডেম্বেলে। তিন মিনিট পরই ব্যবধান ২-০ করেন কিলিয়ান এমবাপে। এরপর অবার ডেম্বেলের গোল। তিনি ৬০ মিনিটে দলকে তিন গোলের লিড এনে দেন।
ম্যাচের ৭৩ মিনিটে এক গোল শোধ করে লরিয়েন্তে। তবে শেষ সময়ে আরেক গোল করে জয়ের ব্যবধান বড় করে নেন রিয়াল মাদ্রিদে যাওয়ার পথে থাকা ফ্রান্সম্যান। এই জয়ে লিগ শিরোপার খুব কাছে পৌঁছে গেছে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে ওঠা প্যারিসের দলটি।
এই ম্যাচে দলের কয়েকজন মূল খেলোয়াড়কে ছাড়াই বড় জয় পেয়েছে পিএসজি। দলে ছিলেন না দারুণ ফর্মে থাকা ব্রাডলি বারকোলা, মার্কুইনহোস, আশরাফ হাকিমি। ভিতিনহা ও ওয়ারেন জেইরি-এমেরি। চ্যাম্পিয়্ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে খেলার আগে তাদেরকে বিশ্রাম দিয়েছেন কোচ লুইস এনরিক।
৩০ লিগ ম্যাচে পিএসজির পয়েন্ট ৬৯। সমান ম্যাচে নিকট প্রতিদ্বন্দ্বী মোনাকো ৫৮ পয়েন্ট তুলেছে। অর্থাৎ পিএসজি এগিয়ে আছে ১১ পয়েন্টে। এমবাপ্পেদের হাতে আছে আর ৪ ম্যাচ। এর মধ্যে একটিতে জিতলেই লিগ শিরোপা নিশ্চিত হয়ে যাবে তাদের।