তীব্র তাপদাহে মেহেরপুরে ঝরছে আম-লিচুর গুটি

ফিচার ডেস্ক

ফিচার

তীব্র গরমে মেহেরপুরের আম-লিচুর গুটি ঝরে পড়ছে। এভাবে গুটি ঝরে পড়তে থাকলে বাগান মালিকেরা মোটা অঙ্কের লোকসানে পড়বেন

2024-04-30T13:27:23+00:00
2024-04-30T13:27:23+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
তীব্র তাপদাহে মেহেরপুরে ঝরছে আম-লিচুর গুটি
ফিচার ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১:২৭ পিএম   (ভিজিট : ২৬৭)
X

তীব্র গরমে মেহেরপুরের আম-লিচুর গুটি ঝরে পড়ছে। এভাবে গুটি ঝরে পড়তে থাকলে বাগান মালিকেরা মোটা অঙ্কের লোকসানে পড়বেন বলে আশঙ্কা করা হচ্ছে। 

বৈরী আবহাওয়ায় রাতে ঠান্ডা ভাব, দিনে তাপদাহ। এ কারণে ঝরে যাচ্ছে গুটি। ফলে চলতি মৌসুমে মেহেরপুরের আম-লিচুর ফলনে বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে। বাগান নিয়ে বিপাকে পড়েছেন বাগান মালিক ও ইজারাদাররা।

চুয়াডাঙ্গা আবহাওয়া কার্যালয় সূত্রে জানা গেছে, দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গা-মেহেরপুর জেলায় লক্ষ্য করা গেছে। ৪০ ডিগ্রি থেকে ৪২ ডিগ্রির উপরে তাপমাত্রা রেকর্ড করা হয়। প্রাকৃতিকভাবেই চলতি মৌসুমে আম-লিচুর মুকুল বেরিয়েছে ৬৫ শতাংশ। বাকিটায় নতুন পাতা বের হয়েছে। অন্যদিকে বর্তমানে আম-লিচুর জন্য প্রতিকূল আবহাওয়া যাচ্ছে। এ কারণে এবার আম-লিচুর ফলন কিছুটা কমার সম্ভাবনা আছে।

মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, জেলায় লিচুর বাগান আছে ৮০০ হেক্টর জমিতে। এসব বাগানে আটি লিচু, বোম্বাই, চিলি বোম্বাই, আতা বোম্বাই ও চায়না-থ্রি জাতের লিচু হয়ে থাকে। চলতি বছরে জেলায় সাড়ে ৮ হাজার টন লিচুর উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। আমের বাগান আছে ৩ হাজার ৩৩৬ হেক্টর। ল্যাংড়া, বোম্বাই, হিমসাগর, ফজলি, আম্রপালি, গোপাল ভোগ, হাড়িভাঙাসহ বেশ কয়েকটি জাতের আম বাগান আছে।

চলতি সপ্তাহে মেহেরপুরের আম-লিচুর বাগান ঘুরে দেখা গেছে, সদর উপজেলার কোলা গ্রামে ল্যাংড়া, হিমসাগর, বোম্বাই আমের গাছ আছে সবচেয়ে বেশি। গাছের নিচে ঝরে পড়া আমের স্তূপ হয়েছে। সদর উপজেলার আমঝুপি, বাড়াদি, হরিরামপুর, কালিগাংনী, শ্যামপুর, উজলপুর, কুলবাড়িয়া, গাংনী উপজেলার নওয়াপাড়া, সাহারবাটি, তেতুলবাড়িয়া, বামুন্দি গ্রামে দেখা যায়, সবুজ লিচু গাছ এখন হলুদ রঙের মুকুলে ছেয়ে আছে। কিছু গাছে মুকুল থেকে বেরিয়েছে গুটি। বাগানে ঢুকলেই চোখে পড়ছে গুটি ঝরার দৃশ্য। চাষিরা গুটি ঝরা রোধে নানা চেষ্টা করছেন। 

কেউ ওষুধ ছিটাচ্ছেন, কেউ স্প্রের যন্ত্র দিয়ে পানি দিচ্ছেন।আম ও লিচু চাষি সাখাওয়াত হোসেন বলেন, ‘মেহেরপুরের হিমসাগর ও বোম্বাই জাতের আমের কদর আছে সারাদেশে। বোম্বাই, মোজাফ্ফর ও দেশি জাতের লিচুর চাষ হয়। ফলে প্রতি বছর মৌসুম শুরুর আগেই পাইকারি ব্যবসায়ীরা বাগানের আম-লিচু কিনে নেন। এরপর আম-লিচু তোলা ও বাজারজাতের কাজটা তারাই করেন। চলতি মৌসুমে আম-লিচুর ফলন কম। গত বছরের তুলনায় অর্ধেক মুকুল এসেছে। বর্তমানে লিচুর জন্য বিরূপ আবহাওয়া। রাতে শীত ও কুয়াশা ভাব। দিনে তাপদাহ। এ কারণে প্রতিদিন প্রচুর আম-লিচুর গুটি ঝরে যাচ্ছে। তাই পাইকাররা লোকসানের ভয়ে বাগান কিনছেন না। এতে চাষিরা চরম বিপাকে পড়েছেন।’





Loading...
Loading...


ফিচার এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy