
X
শনিবার এশিয়ার প্রতিদ্বন্দ্বী শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ। সাম্প্রতিক সময়ে বাজে ফর্মে থাকলেও বিশ্ব আসরে ঘুরে দাঁড়ানোর আশা টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্তর। ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় শনিবার সকাল ৬টা ৩০ মিনিটে।
আইসিসির সহযোগী দেশ যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হারের কারণে সমালোচনার মুখে পড়েছে বাংলাদেশ। এরপর প্রস্তুতি ম্যাচে ভারতের কাছেও ব্যর্থতার ধারাবাহিকতা বজায় রাখে শান্ত-লিটনরা। বিশেষ করে দলের ব্যাটিং অর্ডার ভোগাচ্ছে অনেক। রান পাচ্ছেন টপ অর্ডারের কেউই। সব ভুলে বিশ্বকাপে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় শোনা গেল টাইগার অধিনায়কের কণ্ঠে।
সংবাদ সম্মেলনে শান্ত বলেন, ‘সাম্প্রতিক সময়ে টপ অর্ডাররা ভালো করেনি বা করছে না। কিন্তু কালকের দিনটা পুরোপুরি নতুন দিন এবং অনুশীলনে যার যে জায়গায় সমস্যা আছে সবাই শতভাগ দিচ্ছে। উন্নতির জায়গা যদি বলেন অবশ্যই আগের জায়গা থেকে সবাই ভালো অবস্থায় আছে।’
তিনি বলেন, 'অনুশীলন দেখে বা নেটে ব্যাটিং করেছি সবাই তাতে মনে হয়েছে আগের থেকে ভালো অবস্থায় আছে। আগে কী হয়েছে এটা চিন্তা না করে কালকে একটা নতুন দিন। কালকে আমরা কেউই জানি না কে ভালো খেলবে, কে খারাপ খেলবে। নতুন দিনটায় আমার মনে হয় যে থিতু হবে, ভালো শুরু করবে তার খুব বড় দায়িত্ব খেলাটা কীভাবে শেষ করছে। আশা করছি যেভাবে আমাদের ব্যাটাররা প্রস্তুতি নিয়েছে ওইটা যদি বাস্তবায়ন করতে পারে তাহলে ভালো ম্যাচ হবে।’
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের উইকেটের সাথে ডালাস এবং নিউইয়র্কের উইকেটের মিল আছে। শ্রীলঙ্কাকে ধরাশায়ী করতে উইকেটের ওপরই নির্ভর করবে বাংলাদেশ। যদিও রেকর্ডটা পাশে পাচ্ছে না শান্তরা। ২০০৭ সালের প্রথম আসর দিয়েই টি-টোয়েন্টি বিশ্বকাপে যাত্রা শুরু করেছিল বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার মাটিতে অনুষ্ঠিত ওই আসরে নিজেদের প্রথম ম্যাচেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঐতিহাসিক জয় তুলে নেয় টাইগাররা।
শ্রীলঙ্কা স্কোয়াড
হাসারাঙ্গা ডি সিলভা (অধিনায়ক), চারিথ আসালাঙ্কা (সহ-অধিনায়ক), কুসাল মেন্ডিস, পাথুম নিশাঙ্কা, কামিন্দু মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, অ্যাঞ্জেলো ম্যাথিউজ, দাসুন শানাকা, ধনাঞ্জয়া ডি সিলভা, মহেশ থিকশানা, দুনিথ ওয়েলালাগে, দুশমন্থ চামিরা, মাথিশা পাথিরানা, নুয়ান থুশারা, দিলশান মাদুশঙ্কা।
বাংলাদেশ স্কোয়াড
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাসকিন আহমেদ (সহ-অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, তানভির ইসলাম, মাহেদি হাসান, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব।
রিজার্ভ: আফিফ হোসেন, হাসান মাহমুদ