প্রকাশ: বুধবার, ১৭ জুলাই, ২০২৪, ৬:২৯ পিএম (ভিজিট : ৩৬৬)

X
উপাচার্যের বাসভবনের সামনে গায়েবানা জানাজা কর্মসূচি শেষে টিএসসি এলাকায় কফিন মিছিল শুরু করেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীদের মিছিল লক্ষ্য করে সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল ছোড়ে পুলিশ। পাল্টা জবাবে শিক্ষার্থীরা ইট পাটকেল নিক্ষেপ করে।
আজ বুধবার (১৭ জুলাই) বিকেলে ভিসি চত্বর এলাকায় এ ঘটনা ঘটে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী সাংবাদিকদের বলেন, ভিসির বাসভবন ও আশপাশের নিরাপত্তার স্বার্থে ভিসির অনুমতিক্রমে মিছিল ছত্রভঙ্গ করা হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, গায়েবানা জানাজা শেষে তাঁরা শান্তিপূর্ণভাবে মিছিল শুরু করেন। সেখানে পুলিশ হামলা চালায়।
এর আগে বিকেল ৪টার দিকে বিপুলসংখ্যক শিক্ষার্থী ফুলার রোড দিয়ে মিছিল নিয়ে উপাচার্যের বাসভবনের সামনে আসেন। সেখানে আগে থেকে আন্দোলনকারীদের একটি অংশ উপস্থিত ছিলেন।
এদিকে বিকেল ৪টায় গতকাল সারাদেশে নিহত ছয়জনের কফিন সামনে রেখে জানাজা আদায় করে শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা হল ত্যাগ না করার বিষয়ে অনড় থাকার ঘোষণা দেন তারা।
অপরদিকে শাহবাগ এলাকায় ছাত্রলীগ ও যুবলীগ অবস্থান নিয়ে মিছিল সমাবেশ করছে। এ সময় বিপুলসংখ্যক পুলিশ, র্যাব ও বিজিবি সদস্য মোতায়েন রয়েছে। কাউকে পরিচয়পত্র দেখানো ছাড়া ঢুকতে দেওয়া হচ্ছে না। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়েছেন।
এদিকে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে মুক্তিযোদ্ধা, ছাত্র ও জনতার ব্যানারে গায়েবানা জানাজা কর্মসূচি পালন করা হয়। সেখানে যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন নিখিলসহ যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা উপস্থিত রয়েছেন। জানাজার পর তাঁরা সেখানেই অবস্থান করছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শাহবাগ থেকে বের হওয়ার সময় তাঁদের মুঠোফোন তল্লাশি করা এবং মারধর করতেও দেখা গেছে। বেলা তিনটা থেকে সাড়ে তিনটার মধ্যে অন্তত তিনজনকে মারধর করা হয়। তাঁদের দুজনকে পুলিশ রক্ষা করে। একজন দৌড়ে শাহবাগ থানার মধ্যে ঢুকে যান।