বাংলাদেশ চাইলেই কি শেখ হাসিনাকে ফেরত দেবে ভারত?

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পরে শান্তিতে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে

2024-08-24T13:05:50+00:00
2024-08-24T16:01:51+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বাংলাদেশ চাইলেই কি শেখ হাসিনাকে ফেরত দেবে ভারত?
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৪ আগস্ট, ২০২৪, ১:০৫ পিএম  আপডেট: ২৪.০৮.২০২৪ ৪:০১ পিএম  (ভিজিট : ১৯১)
X

শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পরে শান্তিতে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে বাংলাদেশে। তবে এই সরকারে কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি নেই। কিন্তু বিএনপি, জামায়াতে ইসলামীর মতো এত দিন সরকার-বিরোধী অবস্থানে থাকা রাজনৈতিক দলগুলো বাংলাদেশের ইউনূস সরকারকে সমর্থন করছে। 

এরইমধ্যে শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্ট বাতিলের আদেশ দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। সঙ্গে তার বিরুদ্ধে দেয়া হচ্ছে একের পর এক মামলা। যার অধিকাংশই হত্যা ও গণহত্যার মতো গুরুতর অভিযোগ। দেশত্যাগী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন ভারতে। তাকে দেশে ফিরিয়ে এনে তার বিচারের দাবিও রয়েছে। প্রশ্ন উঠেছে— বাংলাদেশ সরকার প্রত্যর্পণের আর্জি জানালে ভারত কি শেখ হাসিনাকে ঢাকার হাতে তুলে দিতে বাধ্য?

এই পরিস্থিতিতে শেখ হাসিনাকে প্রত্যর্পণের দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার কথায়, ভারত ও বাংলাদেশের মধ্যে ২০১৩ সালের প্রত্যর্পণ চুক্তি হওয়ার পরে হাসিনাকে ভারত ঢাকার হাতে তুলে দিতে বাধ্য। ফখরুল আরো জানিয়েছেন, প্রত্যর্পণের পরে খুনের আসামি হিসাবে হাসিনার বিচার করা হবে ঢাকার আদালতে। তবে সরকারের কোনো পদে ফখরুল নেই। তাই হাসিনাকে ফেরত দেয়ার বিষয়ে তার কথার কোনো জবাব ভারত সরকার দেয়নি। 

কিন্তু জবাব না দিলেও দিল্লিতে হাসিনার অবস্থান যে বাংলাদেশে ভারত-বিরোধিতা বাড়াবে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিলক্ষণ তা বোঝে। সূত্রের খবর, এ জন্য তৃতীয় কোনো দেশে হাসিনাকে নিরাপদে রাখার একটা তোড়জোড়ও ভারতের তরফে চলছে।

শেখ হাসিনাকে ফেরত দেয়ার বিষয়ে ২০১৩ সালের প্রত্যর্পণ চুক্তির তেমন কোনো গুরুত্ব রয়েছে বলে মনে করছে না ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এই চুক্তি করা হয়েছিল দু’দেশের মধ্যে জঙ্গি, পাচারকারী ও চোরাচালানিদের প্রত্যর্পণের উদ্দেশ্যে। 

২০১৬ সালে এই চুক্তিতে বেশ কিছু সংশোধন আনা হয়েছিল। কোনো দেশ যদি মনে করে, রাজনৈতিক কারণে কাউকে প্রত্যর্পণের দাবি জানানো হচ্ছে, তবে তারা দাবি মানতে বাধ্য নয়। শেখ হাসিনাকে প্রত্যর্পণের দাবি ভারত যদি রাজনৈতিক উদ্দেশ্যপূর্ণ বলে মনে করে, সেখানে বলার কিছু থাকতে পারে না। আবার চুক্তির আরেকটি ধারায় রয়েছে, প্রত্যর্পণের পরে দীর্ঘ কারাবাস ও প্রাণহানির আশঙ্কা থাকলে অন্য পক্ষের দাবি খারিজ করা যাবে। 

১৯৭৫ সালের ১৫ আগস্ট হাসিনার গোটা পরিবার সেনা অভ্যুত্থানে নিহত হওয়ার পরে ইন্দিরা গান্ধী তাদের দুই বোনকে আশ্রয় দেন। সময়ের ব্যবধানে ফের শেখ হাসিনা এবং শেখ রেহানা ভারতে আশ্রয় নিয়েছেন। এই পরিস্থিতিতে একটি ‘প্রতিহিংসাপরায়ণ’ সরকারের হাতে ভারত কখনোই তাদের ছেড়ে দিতে পারে না। তাই তৃতীয় কোনো দেশে তাদের নিরাপদ আশ্রয়ের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

শেখ হাসিনা ঠিক কোন ‘ইমিগ্রেশন স্ট্যাটাসে’ ভারতে রয়েছেন, সে ব্যাপারেও এখনো পর্যন্ত ভারত সরকার সম্পূর্ণ নীরব রয়েছে। অর্থাৎ তিনি কোনো বিশেষ ভিসায় ভারতে অবস্থান করছেন, না কি তাকে রাজনৈতিক আশ্রয় (পলিটিক্যাল অ্যাসাইলাম) দেয়া হয়েছে— এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে ভারত সরকার আজ পর্যন্ত একটি শব্দও বলেনি। 

দিল্লিতে একাধিক শীর্ষস্থানীয় কর্মকর্তা বিবিসি বাংলাকে আভাস দিয়েছেন, ভারতে শেখ হাসিনার এই মুহূর্তে অবস্থানের ভিত্তিটা হলো ভারত ও বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত ‘সংশোধিত ট্র্যাভেল অ্যারেঞ্জমেন্ট’। তবে এসবই শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্টের ভিত্তিতে বলা হচ্ছিল। এখন এই পাসপোর্ট বাতিল হলে পরিস্থিতি কোন দিকে যাবে তা নতুন প্রশ্ন। 

এ বিষয়টির জবাবে দিল্লির একজন শীর্ষস্থানীয় কর্মকর্তা বিবিসিকে বলেছেন, সেটাও বড় কোনো সমস্যা নয়, কারণ এই ধরনের পরিস্থিতিতে আমাদের ‘প্ল্যান বি’ বা ‘প্ল্যান সি’ প্রস্তুত রাখতেই হয়, এখানেও নিশ্চয়ই সেটা তৈরি আছে। 

শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানাকে ভারতের উপকণ্ঠে একটি আধাসামরিক বাহিনীর অতিথিনিবাস বা সেফ হাউসে একসঙ্গে রাখা হয়েছে। তবে এই মুহূর্তে তাদের ঠিকানা কী, সেটা সরকারিভাবে কখনো প্রকাশ করা হয়নি।  







Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy