মা ইলিশ রক্ষায় বিজ্ঞানভিত্তিক প্রজনন সময় বিবেচনা নিয়ে আশ্বিন মাসের পূর্ণিমাকে ভিত্তি ধরে আগামী ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ইলিশ আহরণ, পরিবহন, বিপণন ও মজুদ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
রোববার (২২ সেপ্টেম্বর) সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে এক সভায় সাংবাদিকদের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আকতার এ তথ্য জানিয়েছেন।
উপদেষ্টা ফরিদা আকতার বলেন, বাংলাদেশে ইলিশ মাছ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৈজ্ঞানিকভাবে এ মাছ সংরক্ষণের দিন নির্ধারণ করা হয়। ইলিশ মাছ সুরক্ষায় বিজ্ঞানীরা পূর্ণিমা ও আমবস্যার সঙ্গে মিল রেখে করে থাকেন।
রাজধানীর মিরপুরের শেওড়াপাড়ার বাজারে সকাল থেকেই ক্রেতাদের বেশ উপস্থিতি। সেখানকার মাছ বাজারে সব ধরনের মাছের দামই বেশ চড়া। এরইমধ্যে মাছ কেনার জন্য বাজারে ঘুরছিলেন মনোয়ার হোসেন। ঘুরতে ঘুরতে তিনি ইলিশ মাছের একটি দোকানের সামনে দাঁড়ান। জানতে চান, ইলিশ মাছের দাম। দোকানির উত্তর শুনে মনোয়ার হোসেনের চোখ কপালে উঠার দশা।
বেসরকারি চাকরিজীবী মনোয়ার হোসেনের কাছে জানতে চাওয়া হলো ইলিশের কেমন দাম? উত্তরে তিনি বলেন, বর্তমান বাজারে আমাদের মত সাধারণ ক্রেতাদের ইলিশ কিনতে পারা তো দূরের কথা, দাম জানতে চাওয়াই অনেক সাহসের ব্যাপার।
বর্তমানে রাজধানীর খুচরা বাজারগুলোতে ১ কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে প্রতি কেজি ১৬০০ টাকা করে। এর চেয়ে একটু বড় অর্থাৎ ১ কেজি ২০০ থেকে ৩০০ গ্রাম ওজনের ইলিশ প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৮০০ টাকায়। আর দেড় কেজি ওজনের ইলিশ ২০০০ থেকে ২২০০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া ৭০০ থেকে ৮০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে প্রতি কেজি ১০০০ টাকায়। সেইসঙ্গে ৫০০ গ্রাম ওজনের কাছাকাছি ইলিশ বিক্রি হচ্ছে ৭০০ টাকা কেজি দরে।
এরমধ্যে দুর্গাপূজা উপলক্ষে ভারতে ৩ হাজার টন ইলিশ রপ্তানির সিদ্ধান্ত গতকাল নিয়েছে সরকার। বাণিজ্য মন্ত্রণালয় থেকে এ বিষয়ে একটি নির্দেশনা জারি করা হয়েছে। এরপর থেকেও বিষয়টি নিয়ে সমালোচনা করছেন সাধারণ মানুষরা। তাদের মতে, আমরা নিজেরাই এত দামের কারণে ইলিশ কিনে খেতে পারছি না, এরমধ্যে সরকার আবার রপ্তানির সিদ্ধান্ত নিলো।
বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক পণ্য বা জিআই পণ্য হিসেবে ২০১৭ সাল থেকে স্বীকৃত ইলিশ। টানা পাঁচ বছর ধরে ভারতে ইলিশ রপ্তানি করে আসছে বাংলাদেশ। যদিও ২০১২ থেকে ২০১৮ সাল পর্যন্ত রপ্তানি বন্ধ ছিল। প্রায় প্রতিবছর দুর্গাপূজা উপলক্ষে পাঁচ হাজার টন ইলিশের চাহিদার কথা জানিয়ে থাকেন ভারতের ব্যবসায়ীরা।
এমন সিদ্ধান্তের পরের দিন রোববার রাজধানীর খুচরা মাছের বাজারগুলো ঘুরে ইলিশ চড়া দাম দেখা গেছে। এছাড়া সচরাচর এই দাম আর কমারও কোনও সম্ভাবনা নেই।