প্রকাশ: রোববার, ৭ সেপ্টেম্বর, ২০২৫, ৮:৫৩ পিএম (ভিজিট : ২৭৮)

X
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকীর বাসভবনে হামলা হয়েছে। শনিবার গভীর রাতে টাঙ্গাইল পৌর এলাকায় জেলা সদর রোডে কাদের সিদ্দিকীর বাসভবন ‘সোনার বাংলা’য় হামলা ও ভাঙচুর চালায় একদল দুর্বৃত্ত।
আজ রোববার (৭ সেপ্টেম্বর) দুপুরে নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করে কাদের সিদ্দিকী নিজেই হামলার বিষয়টি নিশ্চিত করেন। টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদও বিষয়টি নিশ্চিত করেছেন।
কাদের সিদ্দিকীর গাড়িচালক লিটন বলেন, ‘গভীর রাতে হঠাৎ ঘুমের মধ্যে ভাঙচুরের শব্দে জেগে উঠি। দেখতে পাই— অস্ত্র হাতে ১০ থেকে ১২ সন্ত্রাসী বাড়িতে হামলা-ভাঙচুর চালাচ্ছে। সেটা দেখে ভয়ে বাড়ির ভেতর নিরাপদ স্থানে আশ্রয় নিই। এক পর্যায়ে ভাঙচুরের বিষয় বসকে অবগত করি। কিছুক্ষণ পরই সন্ত্রাসীরা বাড়ির মেইন গেট টপকে পালাতে থাকে।’
তিনি আরও বলেন, ‘হামলাকারীরা যদি জানতে পারত এই বাড়িতে আমরা তিনজন রয়েছি, তাহলে হয়তো আগে আমাদের ওপর হামলা হতো। দুর্বৃত্তরা বাড়ির মেইন গেট টপকে এসে দোতালায় সব জানালা এবং গেটের সামনে থাকা দুটি গাড়ি ভেঙেছে।’
রোববার দুপুরে নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কাদের সিদ্দিকী বলেন, ‘আমার বাড়িতে গতকাল (শনিবার) রাতে হামলা করেছে, কারা করেছে আমরা জানি না। ১০ থেকে ১২ জন লোক ঢিল ছুড়েছে, গাড়ি ভেঙেছে। আমি মামলা করব।’
তিনি বলেন, ‘কোটাবিরোধী ও বৈষম্যবিরোধী আন্দোলনের পর আমরা এই স্বৈরাচারী মনোভাব আশা করিনি। আওয়ামী লীগ যদি স্বৈরশাসক হয়, তাহলে আজকের কর্মকাণ্ডকে কী বলে অভিহিত করব? দেশে হাসিনার সঙ্গে ২৬ বছর রাত-দিন সংগ্রাম করেছি। আওয়ামী লীগ আমাদের বহু প্রোগ্রাম করতে দেয়নি। তারপরও যদি সবাইকে আওয়ামী লীগের দোসর বানানো হয়, তাহলে তো আমি মনে করব বৈষম্যবিরোধী আন্দোলনকে ব্যর্থ ও ধ্বংস করার জন্য এটা কোনো ষড়যন্ত্র কি না?’
কাদের সিদ্দিকী আরও বলেন, ‘আমার বাড়ি ভেঙেছে, আরও ভাঙুক। বঙ্গবন্ধুর ৩২ নম্বরের বাড়িতে যখন গিয়েছিলাম, তখন আমার গাড়ি ভেঙেছিল। আরও ভেঙে যদি দেশে শান্তি স্থাপিত হয়, দেশের কল্যাণ হয়, আমি সবসময়ই রাজি আছি।’