প্রকাশ: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫, ৯:৩৯ পিএম (ভিজিট : ১৮৮)

X
জামায়াতকে জাতীয় বেঈমান ও চরমোনাই পীরকে ভণ্ড উল্লেখ করে বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ‘স্বৈরাচার শেখ হাসিনার পতনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কোনো ভূমিকা ছিল না।’
আজ সোমবার দুপুরে লক্ষ্মীপুর জেলা আউটডোর স্টেডিয়াম মাঠে সদর বিএনপি পূর্ব প্রতিনিধি সম্মেলনে অংশ নিয়ে এ কথা বলেন তিনি।
শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, ‘চরমোনাই পীর জাতীয় বেঈমান ও ভণ্ড। স্বৈরাচার শেখ হাসিনা পতনে কোনো ভূমিকা ছিল না ইসলামী আন্দোলনের।’
বিএনপির যুগ্ম-মহাসচিব এ্যানি বলেন, ‘বিগত ১৭ বছরের ফাসিস্টবিরোধী কোনো আন্দোলনে ইসলামী আন্দোলন বাংলাদেশ, হাতপাখা বা চরমোনাই পীরের কোনো ভূমিকা ছিল না। বরং স্বৈরাচার শেখ হাসিনার সাথে তাদের সখ্য ছিল। বর্তমানে নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে দলটি। নির্বাচন বিঘ্নিত করতে নানা চক্রান্ত করা হচ্ছে। ইসলামের নামে তারা চক্রান্ত করছে। ষড়যন্ত্র করছে। সবাই ঐক্যবদ্ধভাবে এসব জাতীয় বেঈমানদের চিহিৃত করে রাখতে হবে। কোনো ষড়যন্ত্রই কাজে আসবে না। ঐক্যবদ্ধভাবে তা মোকাবিলা করা হবে।’
জামায়াতের সমালোচনা করে এ্যানি বলেন, ‘পিআর পদ্ধতি নিয়ে জামায়াতে ইসলামের ভূমিকা এবং তারা ৮৬ ও ৯৬ সালে বিভিন্নভাবে শুধু আমাদের অসহযোগিতা করেনি, পুরো জাতিকে অসহযোগিতা করেছে। হাসিনাকে টিকিয়ে রাখার স্বার্থে তাদের সঙ্গে থেকে জাতীয় বেঈমান হিসেবে, আত্মস্বীকৃত বেঈমান হিসবে তারা বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছিল।’
শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, ‘সামনে আমাদের টার্গেট জাতীয় নির্বাচন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পরামর্শ দিয়েছেন, আমাদের ঐক্যবদ্ধভাবে টিম ওয়ার্কের মাধ্যমে প্রত্যেক ঘরে যেতে হবে। প্রজন্মের কাছে পৌঁছতে হবে। সবার কাছে গিয়ে খালেদা জিয়া ও তারেক রহমানের সালাম জানিয়ে ভোট চাইতে হবে। বিশেষ করে আমাদের মা–বোন যারা বিগত আন্দোলন সংগ্রামে ত্যাগ স্বীকার করেছে, সবাইকে একত্রিত রাখতে হবে। সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধভাবে সামনের দিনগুলো মোকাবিলা করতে হবে।’