প্রকাশ: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ৮:৫১ পিএম (ভিজিট : ২২৬)

X
অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, পাহাড়ে হঠাৎ করে অশান্তির লক্ষণ দেখা যাচ্ছে। এসব বিষয় মানুষকে নানাভাবে ভাবিয়ে তুলছে এবং উদ্বেগ-উৎকণ্ঠার জন্ম দিচ্ছে। এই সময়েই গার্মেন্টস সেক্টরেও অশান্তির চিহ্ন স্পষ্টভাবে দেখা যাচ্ছে।
আজ সোমবার দুপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, ‘সেজন্য আমাদের প্রত্যেককেই কাঁধে কাঁধ মিলিয়ে দেশবিরোধী যদি কোনো চক্রান্ত বা মাস্টারপ্ল্যান থেকে থাকে, কোনো অশুভ পরিকল্পনা থেকে থাকে, তাহলে আমাদের সবাইকে তা ব্যর্থ করতে হবে। ষড়যন্ত্রকারীদের চক্রান্ত নস্যাৎ করে দিতে হবে।’
তিনি বলেন, জামায়াতের এক নেতার বক্তব্যে মানুষকে গভীরভাবে ভাবিয়ে তুলছে— পার্শ্ববর্তী দেশ আমাদের আক্রমণ করতে পারে, যুদ্ধ হতে পারে, এই কথাগুলো কেন আসছে? এটা কি কোনো পাতানো বিষয়? হ্যাঁ, আমাদের অনেক অমীমাংসিত বিষয় আছে— পানি, ব্যবসা-বাণিজ্য ইত্যাদি। এসব বিষয় আলোচনার মাধ্যমে কূটনৈতিক তৎপরতার মধ্য দিয়ে সমাধান করা যেতে পারে। কিন্তু আক্রমণের আশঙ্কা কেন ছড়ানো হচ্ছে? এটাও মানুষকে ভাবাচ্ছে যে, বিষয়টি কি পরিকল্পিত?’ এমন বক্তব্য দেশের জন্য বিপজ্জনক ও দেশের স্বাধীনতা সার্বভৌমত্ববিরোধী।
‘জামায়াত নেতার ভারতের সাথে যুদ্ধের ঘোষণার; কথার পেছনে অন্য কোনো উদ্দেশ্য রয়েছে। বড় ধরণের কোনো গেম প্ল্যান কি না তা নিয়ে মানুষের মধ্যে প্রশ্ন উঠছে। জামায়াত একটি ভয়ংকর নীলনকশার মধ্যে রয়েছে। এটা রাষ্ট্রবিরোধী কথা। দেশের সার্বভৌমত্বকে দুর্বল করার ইঙ্গিত রয়েছে।’
দুর্গাপূজার সপ্তমী প্রসঙ্গে রিজভী বলেন, ‘এই উৎসব অত্যন্ত আনন্দ, উৎসাহ এবং উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হচ্ছে। এই উৎসবকে ঘিরে যেমন নানা ধরনের অপতৎপরতা রয়েছে, তেমনি আমরা চাই, উৎসবটি যেন কোনো ধরনের নিরাপত্তা বিঘ্ন ছাড়া শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। এজন্য আমরা সবাই সতর্ক আছি।’
তিনি জানান, প্রায় ৩৫ হাজার পূজামণ্ডপে বিএনপির নেতাকর্মীরা নজরদারি করছে এবং নিরাপত্তা প্রহরীর দায়িত্ব পালন করছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রতিদিন নেতাকর্মীদের উদ্দেশে সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানাচ্ছেন এবং পূজা নির্বিঘ্নে পালনের বিষয়ে বারবার নির্দেশ দিচ্ছেন।