প্রকাশ: রোববার, ১২ অক্টোবর, ২০২৫, ৯:২৪ পিএম (ভিজিট : ১৫৬)

X
ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, এনসিপির যারা নেতৃত্বে আছেন তাদের ভক্ত ছিলাম। ভেবেছিলাম তারা বিপ্লবী দল হবে। কিন্তু তারা ক্ষমতার অংশীদার কিংস পার্টির আচরণ তাদের মধ্যে চলে এলো। আগে আওয়ামী লীগ যেভাবে লুটপাট, টেন্ডার বাজি ও বদলি বাজি করতো আজকে তাদের একটি অংশ এগুলোতে জড়িয়ে পড়েছে।
আজ রবিবার বিকেলে রাজধানীর গোপীবাগে সূত্রাপুর, ওয়ারী, বংশাল, কোতায়ালী এবং গেন্ডারিয়া থানা শ্রমিক দলের এক সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের আহ্বায়ক সুমন ভূইয়া।
জামায়াত প্রসঙ্গে ইশরাক বলেন, আমরা তো একসাথে রাজনীতি করেছি। আজকে শুধু ক্ষমতার লোভে জনগণের সামনে যা তা দাবি নিয়ে সামনে আসতে চাচ্ছে। পিআর পদ্ধতি দেশ, জনগণ এবং গণতন্ত্রের জন্য হুমকি।
তিনি বলেন, ৫ আগস্টের পর দলের কয়েকজন বিপদগামী নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। আমরা ১৭ বছর আন্দোলন করেছি ফুটপাত, বাজার এবং বাসস্ট্যান্ড করার জন্য নয়। আমরা লড়াই করেছি মুক্ত হওয়ার জন্য। হাসিনার আমলে মানুষ কথা বলতে পারতো না। দম বন্ধ হওয়ার মত অবস্থা ছিলো। মানুষকে তৃতীয় শ্রেণির নাগরিক মনে হতো। আমি মনে আওয়ামী লীগ আর বাংলাদেশের মাটিতে রাজনীতি করতে পারবে না। এটি কোনও রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী সংগঠন। এরা দেশ ও জনগণের বিপক্ষে কাজ করেছে। এখনও তার বাংলাদেশের বিপক্ষে কাজ করে চলছে।
ইঞ্জিনিয়ার ইশরাক বলেন, বিগত ১৭ বছর বাংলাদেশ বাংলাদেশ ছিল না। এটি ভারতের অঙ্গরাজ্যে পরিণত হয়েছিল। ৭১ সালে দেশ স্বাধীন হলেও আওয়ামী লীগ এদেশের জনগণকে দাসে পরিণত করেছিলো। দিল্লি থেকে নিয়ন্ত্রণ করা হতো এ দেশের জনগণের ভাগ্য এবং নির্বাচন। বাংলাদেশকে কিভাবে লুটপাট করবে, কারা করবে সেগুলো নির্ধারণ করে দেওয়া হতো।