প্রকাশ: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ৮:৪৪ পিএম আপডেট: ১৫.১০.২০২৫ ৮:৪৯ পিএম (ভিজিট : ২৪৩)

X
আলফাডাঙ্গায় বিএনপির নাম ভাঙিয়ে নীরব চাঁদাবাজি চলছে দাবি করে চাঁদাবাজির বিষয়ে সতর্ক করে দলটির পক্ষ থেকে মাইকিং করা হয়েছে। বিকেলে আলফাডাঙ্গা উপজেলা সদর ও পৌরসভাসহ বিভিন্ন স্থানে এ ধরনের প্রচারণা চালিয়ে মাইকিং করা হয়।
আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মো. জব্বার মোল্লা অটোরিকশায় চড়ে মাইকিং করেন বলে জানা গেছে।
মাইকিংয়ে বলা হয়, প্রিয় আলফাডাঙ্গাবাসী, আমরা বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি যে, আলফাডাঙ্গা বাজার ও আশপাশে গ্রামে বিশেষ করে হিন্দু সম্প্রদায় ব্যবসায়ীদের ওপর নানা রকম ভয়ভীতি দেখিয়ে নতুন নতুন মামলার আসামি বানানোর কথা বলে নীরব চাঁদাবাজির চেষ্টা করে যাচ্ছে। নীরবে চাঁদাবাজি হচ্ছে বা চলছে। দয়া করে কেউ এ ধরনের প্রতারণার ফাঁদে পা দেবেন না।
এসময় মাইকে আরও বলা হয়, অনেকেই বিএনপির নেতা হিসেবে দাবি করছে। এ ধরনের কোনো ব্যক্তি যদি আপনাকে বিএনপির নাম ভাঙিয়ে ভয়ভীতি দেখিয়ে থাকে তাৎক্ষণিকভাবে আলফাডাঙ্গা বিএনপির সিনিয়র নেতাদের ও সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলামকে জানাবেন। এ সময় খন্দকার নাসিরুল ইসলামের একটি মোবাইল নম্বরও প্রকাশ করা হয়।
এ বিষয়ে জানতে আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মো. জব্বার মোল্লার মোবাইল একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।
উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল মান্নান মিয়া আব্বাস বলেন, ‘বিগত দিনে যারা বিএনপির রাজনীতি করতেন না ৫ আগস্টের পরে তারা অনেকেই বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজিসহ নানা অপরাধ করে চলছেন। এতে বিএনপির ভাবমূর্তি নষ্ট হচ্ছে। তাই জনসাধারণকে সচেতন করার লক্ষ্যে উপজেলা বিএনপির পক্ষ থেকে এ ধরনের মাইকিং করা হয়।’