প্রকাশ: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫, ৭:৫৭ পিএম (ভিজিট : ১৩১)

X
এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম বলেছেন, প্রতীক না থাকলে আমরা কী নিয়ে নির্বাচন করবো। ‘শাপলা’ ছাড়া অন্য কোনও প্রতীকে আমরা নির্বাচনে অংশ নেবো না।
আজ বুধবার (২২ অক্টোবর) প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় তার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন নাহিদ ইসলাম।
তিনি বলেন, গণভোটের মাধ্যমে অনুমোদিত হলে পরবর্তী সংসদের একটি গাঠনিক কাঠামো থাকবে। সেই কাঠামোয় একটি সংবিধান তৈরি করবে। এই পুরা প্রক্রিয়ার সঙ্গে ঐকমত্য কমিশন সুপারিশ দেবে—তা সরকার কী সিদ্ধান্ত নেয়, সেটার ওপর নির্ভর করে আমরা জুলাই সদনে সই করার বিষয়টি বিবেচনা করবো। এটা সরকারের কাছে আমরা দাবি জানিয়েছি এবং এই দাবিগুলো যেন বিবেচনা করা হয়। আর সরকার যেন সেই পথে যৌক্তিকভাবে এই জুলাই সনদ বাস্তবায়নে আগায়, এ বিষয়ে জোর দাবি জানিয়েছি।
নাহিদ ইসলাম বলেন, দ্বিতীয়ত আমরা নির্বাচন কমিশনের বিষয়টি নিয়ে আলোচনা করেছি। নির্বাচন কমিশনের গঠন প্রক্রিয়া, কমিশনের বর্তমান আচরণ আমাদের কাছে নিরপেক্ষ মনে হচ্ছে না। এটা স্বচ্ছ হচ্ছে না এবং নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে যেভাবে কার্যক্রম করার কথা ছিল, সেটা করছে না। কিছু কিছু দলের প্রতি পক্ষপাতিত্ব দেখা যাচ্ছে এবং কোনও দলের প্রতি বিমাতাসুলভ আচরণ করছে।
এনসিপির আহ্বায়ক বলেন, এই মুহূর্তে নির্বাচন কমিশন পুনর্গঠন করা প্রয়োজন। উপদেষ্টা পরিষদের বিষয়েও বক্তব্য দিয়ে এসেছি। সরকারি কর্মকর্তাদের পদায়ন দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে যোগ্যতার ভিত্তিতে হচ্ছে কিনা—বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, প্রশাসনে বিভিন্ন ভাগবাটোয়ারা হচ্ছে। বড় রাজনৈতিক ব্যক্তিরা নিজেদের মধ্যে ভাগবাটোয়ারা করে এসপি, ডিসির জন্য তালিকা করে দিচ্ছে। উপদেষ্টা পরিষদের ভেতর থেকে সেই দলগুলোকে সহায়তা করছে। ফলে এভাবে চললে সরকার প্রশ্নবিদ্ধ হবে।