প্রকাশ: শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ৩:৩৪ পিএম আপডেট: ০৫.১২.২০২৫ ৪:৩৫ পিএম (ভিজিট : ৭৪)

X
মানবাধিকার প্রতিষ্ঠা করার শপথ করেছেন কক্সবাজার-১ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী সালাহউদ্দিন আহমদ।
আজ শুক্রবার (৫ ডিসেম্বর) নিজ নির্বাচনী এলাকা কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) বিএমচর ইউনিয়নের বহদ্দারকাটা ষ্টেশনে নির্বাচনী পথসভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, শহীদের রক্তের শপথ, বিএনপির প্রতিশ্রুতি ও জনগণের প্রত্যাশা আগামী দিনে আইনের শাসনের বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে। এদেশের সব মানুষের অধিকার নিশ্চিত করা হবে। গণতান্ত্রিক অধিকার, নাগরিক অধিকার, মৌলিক অধিকার, মানবাধিকার প্রতিষ্ঠা করা হবে আমাদের শপথ।
সালাউদ্দিন আহমদ বলেন, বাংলাদেশের মানুষ ১৭ বছর ধরে স্বাধীনভাবে ভোট দেওয়ার অধিকার ফিরে পাওয়ার সংগ্রাম করেছে। স্বৈরাচারের পতন হয়েছে। হারানো ভোটাধিকার জনগণ ফিরে পেয়েছে, সেই ভোট প্রয়োগ করতে হবে আগামী জাতীয় নির্বাচনে। তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অসমাপ্ত কাজগুলো আগামীতে তার সুযোগ্য সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বাস্তবায়ন করা হবে।
কক্সবাজার-১ আসনে বিএনপির মনোনীত এ প্রার্থী বলেন, আপনাদের ভোটে আগামীতে বিএনপি সরকার গঠন করবে বলে আমরা বিশ্বাস করি। বাংলাদেশ হবে কৃষকের বাংলাদেশ, কৃষকের জন্য কৃষি কার্ডের ব্যবস্থা করা হবে, কৃষকের ন্যায্যমূলে বিষ, সারসহ সব কিছু তারা পাবে এবং সহজ শর্তে কৃষি ঋণের ব্যবস্থা করা হবে। এই দেশে সবার স্বাস্থ্য সেবা নিশ্চিত করা হবে। কোনো মানুষ বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করবে না। সব দরিদ্র পরিবারকে সামাজিক নিরাপত্তা বেষ্টনীতে নিয়ে আসব। তাদেরকে পারিবারিক কার্ড দেওয়া হবে। তাদেরকে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য চাল, ডালসহ সব কিছু দেওয়া হবে।
এদিন সকাল ১১টায় নিজ নির্বাচনী এলাকায় চতুর্থ দিনের দিনের মত গণসংযোগ শুরু করেন সালাহউদ্দিন আহমদ। বিভিন্ন ষ্টেশনে রাস্তার পাশে দাঁড়িয়ে নারী ও পুরুষেরা তাকে স্বাগত জানায়।
এসময় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সাংসদ এবং তার সহধর্মিণী অ্যাডভোকেট হাসিনা আহমদ, মাতামুহুরী (সাংগঠনিক) উপজেলা বিএনপির সভাপতি জামিল ইব্রাহীম চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি ইউসুফ বদরী, সাধারণ সম্পাদক হেফাজতুর রহমান টিপু, সাংগঠনিক সম্পাদক শোয়াইবুল ইসলাম সবুজসহ আরও অনেকে।