
X
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, আসন্ন নির্বাচনে উত্তরদাতাদের ৬৬ শতাংশ বিএনপিকে জয়ী দেখতে চায়, যেখানে জামায়াতে ইসলামী পেয়েছে ২৬ শতাংশ ভোট। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এই ফলাফলে হতাশ হয়ে কেউ ষড়যন্ত্রের আশ্রয় নিতে পারে, কিন্তু জনগণ তাদের মনস্থির করে ফেলেছে এবং তারা সেই ষড়যন্ত্রকে সফল হতে দেবে না।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির আয়োজিত ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
নজরুল ইসলাম খান দাবি করেন, "ফ্যাসিবাদের পতন ও একটা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ-সুষ্ঠু জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার এক দফা—এই এক দফা আমরা অর্জন করেছি। ফ্যাসিবাদের পতন হয়েছে।" তিনি বলেন, বাকি অংশটুকু পূরণ করার জন্যই এখন অন্তর্বর্তীকালীন সরকার প্রয়োজন।
তিনি দৃঢ়তার সাথে উল্লেখ করেন যে, মাত্র ১৫ বছর ধরে সিন্দাবাদের দৈত্যের মতো ঘাড়ে চেপে বসা একটি নিপীড়নকারী, খুনি, ফ্যাসিবাদী সরকারকে যে জনগণ উৎখাত করেছে, সেই জনগণ কোনো ষড়যন্ত্রকে পরাজিত হতে দেবে না।
বিএনপির এই নেতা দেশের বর্তমান 'উন্নয়ন' মডেল নিয়ে সমালোচনা করেন। তিনি বলেন, দেশে বড় বড় দালানকোঠা, এক্সপ্রেসওয়ে, নতুন ট্রেন দেখা গেলেও জনগণের মৌলিক আকাঙ্ক্ষাগুলো অপূর্ণ থেকে যাচ্ছে।
নজরুল ইসলাম বলেন, আমরা পত্রিকায় পড়েছি যে, কোটিপতি উৎপাদনের দেশ হিসেবে বাংলাদেশ শীর্ষে।"একদিকে কিছু মানুষ কোটিপতি হয়, আরেক দিকে লাখ লাখ মানুষ দারিদ্র্যসীমার নিচে পড়ে যায়। এ অবস্থা গ্রহণযোগ্য না। এটাকে উন্নয়ন বলে না।"
তিনি বলেন একজন রাজনীতিবিদ বলেছিলেন,, যে দেশে মানুষ বেকার, উপার্জনহীন ও দরিদ্র, সেই দেশে বড় বড় অট্টালিকা, রাস্তাঘাট তৈরি হওয়া হলো "গোরস্থানে আলোকসজ্জা" করার মতো।
নজরুল ইসলাম খান বলেন, "খানিকক্ষণ পরেই আপনারা শুনবেন যে কেমন উন্নয়নের স্বপ্ন দেখে বিএনপি।" তিনি প্রশ্ন করেন, শুধু বললেই হবে না যে মানুষকে শিক্ষিত করতে চাই বা উপার্জন বাড়াতে চাই; কীভাবে তা করা হবে—সেই পরিকল্পনার বিস্তারিত রূপরেখা বিএনপি উপস্থাপন করবে।
‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক এই আলোচনা কর্মসূচির বাস্তবায়ন কমিটির আহ্বায়ক দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সভাপতিত্বে এবং যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলের সঞ্চালনায় জাতীয়তাবাদী ছাত্র দলের নেতাকর্মীরা এতে অংশ নেন। দিনব্যাপী এই অনুষ্ঠানে বিকেলে প্রধান অতিথির বক্তব্য দেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।