প্রকাশ: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, ৯:২৭ পিএম আপডেট: ১০.১২.২০২৫ ১০:২৫ পিএম (ভিজিট : ২২৮)

X
বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন ঢাকা মহানগর উত্তরের সহ-সভাপতি তৌহিদুল আলম পলাশ বলেছেন, “মানবাধিকার রক্ষা শুধু কাগুজে প্রতিশ্রুতি নয়, এটি বাস্তব জীবনে প্রয়োগের সংস্কৃতি গড়ে তোলা রাষ্ট্রের নৈতিক দায়িত্ব।
বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আজ বুধবার রাজধানীর ভাটারায় বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন বনানী থানা শাখার উদ্যোগে আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ কর্মসূচি তিনি একথা বলেন।
তৌহিদুল আলম পলাশ বলেন, “মানবাধিকার রক্ষার মূল শক্তি হলো সচেতন মানুষ ও জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা। উন্নত সমাজ গঠনের জন্য প্রতিটি নাগরিকের অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা এবং নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।” তিনি আরও বলেন, “দুস্থ মানুষের পাশে দাঁড়ানোই মানবাধিকার চর্চার প্রথম ধাপ। সমাজের সবার সম্মিলিত প্রচেষ্টায় মানবাধিকার সুরক্ষা আরও শক্তিশালী হতে পারে।”
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন ভাটারা থানার সভাপতি হাবিবুর রহমান জুয়েল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের পরিচালক ছলিম উদ্দিন। বক্তারা মানবাধিকার রক্ষায় সামাজিক সচেতনতা বৃদ্ধি, নির্যাতন প্রতিরোধ এবং সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে ফাউন্ডেশনের চলমান কার্যক্রম তুলে ধরেন।
আলোচনা শেষে শীতার্ত ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, মানবাধিকার কর্মী ও সংগঠনটির নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।