প্রকাশ: শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫, ২:৫৬ পিএম আপডেট: ১২.১২.২০২৫ ৯:৪৭ পিএম (ভিজিট : ৬৪৪)

X
জাতীয় নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার (১২ ডিসেম্বর) নির্বাচনী প্রচারণাকালে তাকে গুলি করা হয় বলে জানা গেছে।
গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক।
দুপুরে জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগরে এ ঘটনা ঘটে। তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নেওয়া হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, ২টা ২৫ মিনিটে তিনটি মোটরসাইকেলে করে দুর্বৃত্তরা আসেন। এর মধ্যে একটি মোটরসাইকেল থেকে হাদিকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যান।
এর আগে, বৃহস্পতিবার হত্যার হুমকি পেয়েছেন বলে অভিযোগ করেছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। তার মোবাইল নম্বরে বিদেশি নম্বর থেকে কল করে ও টেক্স দিয়ে এসব হুমকি দেওয়া হয়েছে।
রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে এই অভিযোগ করেন তিনি। পোস্টে ওসমান হাদি লেখেন, গত তিন ঘণ্টায় আমার নম্বরে লীগের খুনিরা অন্তত ৩০টি বিদেশি নম্বর থেকে কল ও টেক্সট করেছে।
তিনি লেখেন, যার সামারি হলো—আমাকে সর্বক্ষণ নজরদারিতে রাখা হচ্ছে। তারা আমার বাড়িতে আগুন দেবে। আমার মা, বোন ও স্ত্রীকে ধর্ষণ করবে। এবং আমাকে হত্যা করবে।