প্রকাশ: শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫, ৭:১২ পিএম আপডেট: ১২.১২.২০২৫ ৯:৪৬ পিএম (ভিজিট : ২০৭)

X
ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে।
রাত ৮টা ৫ মিনিটের দিকে হাদিকে বহনকারী আইসিইউ অ্যাম্বুলেন্সটি এভারকেয়ার হাসপাতালে পৌঁছায়। এর আগে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢামেক হাসপাতাল থেকে হাদিকে বহনকারী অ্যাম্বুলেন্সটি এভারকেয়ারের উদ্দেশ্যে রওনা হয়।
হাদির সর্বশেষ অবস্থা নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক (আরএস) ডা. মোস্তাক আহমেদ বলেন, শরিফ ওসমান হাদির ডান দিক দিয়ে গুলি ঢুকে বাম কানের পাশ দিয়ে বেরিয়ে গিয়েছে। সেই গুলির দুই-একটি অংশবিশেষ ব্রেনে রয়ে গেছে।
তিনি আরও বলেন, গুলিবিদ্ধ হাদির নিউরোর অভিজ্ঞ সিনিয়র চিকিৎসকরা অস্ত্রোপচার করেছেন। এর আগে তার সিটিস্ক্যান করা হয়। সেখানে দেখা যায়, ছোট ছোট দুই-একটি প্রিলেট মানে ছোট পুঁতি থেকেও আরও ছোট ধাতব বলের অস্তিত্ব। অস্ত্রোপচারের সময় সেই রকম একটি প্রিলেট বের করা হয়েছে। আরও দুই-একটি ব্রেনের মধ্যে আছে। এই গুলির কারণে রোগীর ব্রেনের প্রেসার অনেক বেড়ে গিয়ে রক্তক্ষরণ হয়।
এর আগে শুক্রবার বিকালে অপারেশন থিয়েটারে লাইফ সাপোর্টে নেওয়া হয় গুলিবিদ্ধ ওসমান হাদিকে। লাইফ সাপোর্টে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেন পরিচালক আসাদুজ্জামান।
সেসময় পরিচালক বলেন, রোগী যখন হাসপাতালে আসে তখন থেকেই ক্রিটিক্যাল ছিল। অপারেশন থিয়েটারে আছে। তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। গুলিটি তার ব্রেইনের ভিতরে আছে। তার অবস্থা আশঙ্কাজনক। সিটিস্ক্যানে তার মাথায় গুলি পাওয়া গেছে। এই মুহূর্তে তার মাথার অস্ত্রোপচার চলছে।
এর আগে, দুপুরে রাজধানীর পল্টনের বিজয়নগর এলাকায় গুলিবিদ্ধ হন শরিফ ওসমান হাদি। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নেওয়া হয়।