প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫, ৫:০৩ পিএম (ভিজিট : ২১৬)

X
সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে একটি সমাবেশে জামায়াতপন্থি আইনজীবি ব্যারিস্টার শাহরিয়ার কবির বলছেন, যদি আপনি জান্নাতে যেতে চান, জামায়াতে ইসলাম করাটা আপনার আমার নৈতিক দায়িত্ব। আর জান্নাতে যেতে না চাইলে কোন সমস্যা নেই। কারণ ৭২ এর মধ্যে প্রথম কাতারে থাকতে চাইলে জামায়াতে ইসলাম করতে হবে। এর মধ্যে আর দ্বিতীয় কোন অপশন নাই বাবারা।
তিনি বলেন, আল্লাহ ছাড়া যেখানে অন্য কাউকে ইবাদাতের সুযোগ নেই সেখানে আল্লাহ ছাড়া রাজনীতিরও সুযোগ নেই।
যদিও শাহরিয়ার কবির দাবি করেছেন, ভিডিওটি সঠিক নয়।
জামায়াত নেতাদের বিরুদ্ধে জান্নাতের প্রলোভন দেখিয়ে ভোটার আকৃষ্ট করার অভিযোগ উঠছে অনেক দিন ধরেই। যদিও মাসখানেক আগে সে অভিযোগ অস্বীকার করেছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
তিনি একটি সমাবেশে বলেছিলেন, জামায়াত কখনো মানুষের কাছে জান্নাতের টিকেট বিক্রি করে না। তবে মহান আল্লাহ সৃষ্টি করে আমাদের সঠিক পথে পরিচালিত হওয়ার জন্য গাইডলাইন পবিত্র কুরআনুল কারীম পাঠিয়েছেন। কুরআনে আল্লাহ আমাদের জানিয়েছেন কোন কাজগুলি করা উচিত আর কোনগুলি বর্জন করতে হবে। আমরা মানুষের কাছে সেই কথাগুলি তুলে ধরি। বিরোধীরা কুরআন না বোঝার কারণে কুরআন না পড়ার কারণে তারা এই কথাগুলি বলে থাকে।
এর আগে জামায়াত নেতা শাহরিয়ার জামায়াতের মার্কার সঙ্গে ধর্মীয় বিষয় জড়িয়ে কথা বলে আলোচনায় এসেছিলেন।
তিনি বলেছিলেন, পৃথিবী কেন- আসমান জমিনে কারও শক্তি নেই আমাদের এই মিজান (দাঁড়িপাল্লা) আটকে রাখে। হাশরের ময়দানে এই মিজান থাকবে। ধানের শীষ থাকবে না, নৌকাও থাকবে না, লাঙ্গল থাকবে না। তিনি বলেন, আমরা এমন একটা প্রতীক নিয়ে কাজ করি যেটা দুনিয়াতেও থাকবে, আখেরাতেও থাকবে। ক্ষমতার মালিক মালিকুল মুলক (আল্লাহর একটি গুণবাচক নাম) যদি মনে করেন ক্ষমতা যাবে জামায়াতে ইসলামীর হাতে- তাহলে অবশ্যই ক্ষমতায় যাবে জামায়াত।