প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫, ৯:৪২ পিএম (ভিজিট : ৭৮)

X
হাজারীবাগে ছাত্রী হোস্টেল থেকে ধানমন্ডি শাখার এনসিপির নারী নেত্রী জান্নাত আরা রুমীর (৩২) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার জিগাতলার নারী হোস্টেলে পঞ্চম তলা ভবনের পঞ্চম তলার রুম থেকে তার লাশ উদ্ধার করা হয়।
হাজারীবাগ থানার ওসি (অপারেশন) দেলোয়ার হোসেন বলেন, প্রাথমিকভাবে আত্মহত্যা বলেই মনে হচ্ছে। তদন্তসাপেক্ষে আসল ঘটনা বের হবে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হচ্ছে।
ঘটনার পরপরই এনসিপির যুগ্ম সদস্য সচিব এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক তারেক রেজা কয়েকটি ফেসবুক পোস্টে রুমীর মৃত্যুর জন্য আওয়ামী লীগকে দায়ী করেছেন।
তিনি লিখেছেন, আপনাদের মনে থাকার কথা, গত মাসে শেখ হাসিনার ফাঁসির রায়ের দিন ধানমন্ডি ৩২ এ ফ্যাসিস্ট ও খুনি আওয়ামীলীগাররা কী সিন ক্রিয়েট করেছিলো। সেখানে একজন জেন-জি নারীকে আপনারা দেখেছিলেন এক আওয়ামীলীগারকে (যে জিয়ার কবর খুড়তে চাইছিলো) পিটায়ে পুলিশের কাছে ধরায়ে দিতে। ই জেন-জি নারী গত এক মাস ধরে আওয়ামীলীগের ক্রমাগত সাইবার বুলিং, হ/ত্যা ও রে*প থ্রেটে অতিষ্ঠ হয়ে আজ রাতে আত্মহত্যা করেছে।
রুমীর নাম পরিচয় উল্লেখ করে তিনি বলেন, ধানমন্ডির ভাইব্রাদারদের সাথে কথা হলো। তারা গত এক মাসে সাধ্যমতো চেষ্টা করেছে তার পাশে থাকার। কিন্তু সাইবার বুলিং আর ফোনকলে সারাদিন থ্রেট পাওয়ার পরও প্রশাসনের পক্ষ থেকে কোনো সাহায্য পাওয়া যায়নি। তবে কারোর কল্পনাতেও ছিলো না, বুলিংয়ের মাত্রা এত তীব্র যে সে আত্মহননের পথ বেছে নেবে।
তিনি আরও বলেন, এটাকে আমরা আত্মহত্যা হিসেবে দেখতে রাজি নই। এটা খুন। যারা আমার বোনের জীবনকে তছনছ করে দিয়েছে, তাদের জীবন আমরা শান্তিতে কাটাতে দেবো না। আমার বোনের রক্তের শপথ!