প্রকাশ: শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ২:০৯ পিএম আপডেট: ১৯.১২.২০২৫ ২:১৭ পিএম (ভিজিট : ৪৬)

X
দেশে চলমান অস্থিরতা, অগ্নিসংযোগ এবং জানমালের ক্ষয়ক্ষতির তীব্র নিন্দা জানিয়ে দেশবাসীকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার। আজ শুক্রবার এক বিশেষ বিবৃতিতে সরকারের পক্ষ থেকে বর্তমান পরিস্থিতি নিয়ে সুষ্পষ্ট অবস্থান তুলে ধরা হয়।
সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, একটি ঐতিহাসিক ও গণতান্ত্রিক পরিবর্তনের মধ্য দিয়ে দেশ যখন এগিয়ে যাচ্ছে, তখন কিছু বিচ্ছিন্ন উগ্র গোষ্ঠী বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে।
"মুষ্টিমেয় কিছু মানুষের বিশৃঙ্খলা বা শান্তির পথ পরিহারের কারণে আমাদের এই দীর্ঘ সংগ্রামের অগ্রযাত্রা কোনোভাবেই থামিয়ে দেওয়া হবে না।"
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির আত্মত্যাগকে স্মরণ করে সরকার জানিয়েছে, আসন্ন নির্বাচন এবং গণভোট কেবল একটি রাজনৈতিক প্রক্রিয়া নয়, বরং এটি একটি জাতীয় অঙ্গীকার। বিবৃতিতে বলা হয়, শহীদ হাদির স্বপ্নের বাংলাদেশ গড়তে হলে ঘৃণা এবং প্রতিহিংসা ত্যাগ করে সংযম ও দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। উসকানিতে পা না দেওয়াই হবে তাঁর স্মৃতির প্রতি যথাযথ সম্মান।
সাম্প্রতিক কয়েকটি সহিংস ঘটনার প্রেক্ষিতে সরকার তার কঠোর মনোভাব ব্যক্ত করেছে।
সাংবাদিকদের ওপর আক্রমণকে 'সত্যের ওপর হামলা' হিসেবে অভিহিত করে সরকার পূর্ণ ন্যায়বিচারের আশ্বাস দিয়েছে।
ময়মনসিংহে এক হিন্দু ধর্মাবলম্বীকে পিটিয়ে হত্যার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলা হয়েছে, "নতুন বাংলাদেশে কোনো ধরণের নৃশংসতার স্থান নেই।" এই অপরাধে জড়িত প্রত্যেককে আইনের আওতায় আনা হবে এবং কাউকে ছাড় দেওয়া হবে না।
বিবৃতির শেষাংশে সরকার দেশের প্রতিটি নাগরিককে সহিংসতা ও ঘৃণার পথ পরিহার করার অনুরোধ জানিয়েছে। দেশের এই সংকটময় মুহূর্তে শান্তি বজায় রাখা এবং যেকোনো উসকানিমূলক কর্মকাণ্ড সম্মিলিতভাবে প্রতিরোধ করার আহ্বান জানানো হয়।