প্রকাশ: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫, ১১:৪০ এএম আপডেট: ২৭.১২.২০২৫ ১১:৫৮ এএম (ভিজিট : ৫৭)

X
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির কবর জিয়ারত করেছেন। শনিবার (২৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় তিনি হাদির কবর জিয়ারত করেন।
রাজধানীতে আজ তারেক রহমানের আরও কর্মসূচি রয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য আজ ভোটার তালিকায় নাম লেখাবেন তিনি।
এ দিন ভোটার হিসেবে নিবন্ধিত হওয়া সংক্রান্ত সব কাজের পাশাপাশি জাতীয় পরিচয়পত্রের কাজও সারবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। গত সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ এ তথ্য জানিয়েছিলেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শনিবার বেলা ১১টায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ‘শহীদ’ শরিফ ওসমান হাদির করব জিয়ারত করতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যাবেন। এরপর এনআইডি রেজিস্ট্রেশন সংশ্লিষ্ট কাজে নির্বাচন কমিশনে যাবেন। তবে তারেক রহমান কোথায় ভোটার হবেন, দলের পক্ষ থেকে এখনো তা জানানো হয়নি। অবশ্য দলের একটি সূত্র জানিয়েছে, তিনি ঢাকা থেকে ভোটার হতে পারেন।
ত্রয়োদশ সংসদ নির্বাচনের তপশিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়া যাবে আগামী ২৯ ডিসেম্বর পর্যন্ত। এ দিকে আসন্ন জাতীয় নির্বাচনে কোনো ব্যক্তি একই সময়ে তিনটির অধিক নির্বাচনী এলাকায় প্রার্থী হতে পারবেন না- এ মর্মে সম্প্রতি নির্বাচন কমিশন (ইসি) একটি পরিপত্র জারি করেছে।