প্রকাশ: বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫, ১২:০০ পিএম আপডেট: ৩১.১২.২০২৫ ১২:২৪ পিএম (ভিজিট : ১৩১)

X
সরকার টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে সব ধরনের সমাবেশ নিষিদ্ধ করেছে। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক শাখা-৬ এর উপসচিব আনোয়ার পারভেজের সই করা এক আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশে বলা হয়, বিশ্ব ইজতেমা ময়দানে আগামী ২ থেকে ৪ জানুয়ারি খুরুজের জোড় এবং ২২ থেকে ২৪ জানুয়ারি বিশ্ব ইজতেমা আয়োজনের জন্য আবেদন করা হয়েছে। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে নির্ধারিত সময়সূচি অনুযায়ী নির্বাচনের আগে খুরুজের জোড় ও বিশ্ব ইজতেমাসহ ওই মাঠে কোনো ধরনের সমাবেশ না করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, তাবলিগ জামায়াত বাংলাদেশ শুরায়ে নেজাম (জুবায়েরপন্থি) আগামী ২ থেকে ৪ জানুয়ারি টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে তিন দিনের ‘খুরুজের জোড়’ আয়োজনের উদ্যোগ নেয়।
এ অবস্থায় তাবলিগ জামায়াত বাংলাদেশ (সাদপন্থি) শুরায়ে নেজাম সরকারের কাছে অভিযোগ করে জানায়, খুরুজের জোড়ের নামে মূলত ইজতেমার আয়োজন করা হচ্ছে। তারা আরও জানায়, যদি খুরুজের জোড় বন্ধ না করা হয়, তবে তারা আগামী ২২ থেকে ২৪ জানুয়ারি ইজতেমা আয়োজন করবে।
এ প্রেক্ষাপটে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নির্বাচনকে সামনে রেখে সরকার বিশ্ব ইজতেমা ময়দানে সব ধরনের সমাবেশ নিষিদ্ধের সিদ্ধান্ত নেয়।