প্রকাশ: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ৭:৫৫ পিএম (ভিজিট : ৪৯০৮)

X
ছাত্রজনতার গণঅভ্যুত্থানের পর দেশ ছেড়ে ভারতে পাড়ি জমানো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। বর্তমানে তিনি কলকাতার বাইপাস সংলগ্ন অ্যাপোলো হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন।
পারিবারিক ও হাসপাতাল সূত্রে জানা গেছে, বার্ধক্যজনিত নানা জটিলতায় ওবায়দুল কাদের দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। কলকাতার নিউ টাউন এলাকার একটি বাড়িতে অবস্থানকালে তিনি অক্সিজেন সাপোর্টে ছিলেন।
তবে গত শুক্রবার তার শারীরিক অবস্থার চরম অবনতি ঘটে এবং তিনি প্রায় সংজ্ঞাহীন হয়ে পড়েন। দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা নিবিড় পর্যবেক্ষণে রেখে ভেন্টিলেশনে নেওয়ার সিদ্ধান্ত দেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তিনি চিকিৎসায় কিছুটা সাড়া দিলেও তার অবস্থা এখনো স্থিতিশীল নয়।
৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রায় তিন মাস দেশে আত্মগোপনে ছিলেন ওবায়দুল কাদের। পরবর্তীতে নভেম্বর মাসে তিনি সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেন।
বিবিসি বাংলাকে গত জুন মাসে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি নিজেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দাবি করেন এবং বর্তমানে কলকাতায় অবস্থান করছেন বলে নিশ্চিত করেছিলেন। সেই সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, রাজনৈতিক পরিবেশ অনুকূলে এলে তারা গণঅভ্যুত্থানে দমননীতির বিষয়ে অনুশোচনা বা ক্ষমা চাওয়ার বিষয়টি বিবেচনা করবেন।
প্রসঙ্গত, ওবায়দুল কাদের ২০১৬ সাল থেকে টানা তিন মেয়াদে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। এছাড়া ২০১১ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত তিনি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। নোয়াখালী-৫ আসন থেকে তিনি চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।