প্রকাশ: শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬, ১০:২৩ পিএম (ভিজিট : ১৯০)

X
গঠনতন্ত্র অনুযায়ী বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব নিলেন তারেক রহমান।
শুক্রবার রাতে গুলশান কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠকে সর্বসম্মতিক্রমে এই অনুমোদন দেয়া হয়।
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুর পর বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্বয়ংক্রিয়ভাবে চেয়ারম্যানের দায়িত্বপ্রাপ্ত হয়েছেন বলে আলোচনা চলছিল। তবে দলটির পক্ষ থেকে এতোদিন আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেয়া হয়নি। দলীয় কার্যক্রমে এই পদও ব্যবহার করা হয়নি।
বিএনপির গঠনতন্ত্রের ৭ (গ) ধারায় দলের সিনিয়র ভাইস চেয়ারম্যানের কর্তব্য, ক্ষমতা ও দায়িত্বের উপধারা ৩ অনুযায়ী তারেক রহমান চেয়ারম্যান হয়েছেন। সেখানে বলা হয়েছে, যেকোনো কারণে চেয়ারম্যানের পদ শূন্য হলে সিনিয়র ভাইস চেয়ারম্যান বাকি মেয়াদের জন্য চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করবেন এবং গঠনতন্ত্র অনুযায়ী পরবর্তী চেয়ারম্যান নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত তিনি চেয়ারম্যানের দায়িত্বে বহাল থাকবেন।
উপধারা ২ অনুযায়ী ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছিলেন তারেক রহমান।
জানা গেছে, গত রাতে স্থায়ী কমিটির বৈঠকে অন্যতম এজেন্ডা ছিল তারেক রহমানের চেয়ারম্যানের পদের বিষয়টি। বৈঠকে মহাসচিব বিষয়টি উত্থাপনের পর তা সর্বসম্মতিক্রমে অনুমোদন দেয়া হয়।