প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ১২:৩৮ পিএম (ভিজিট : ২৬৪)

X
শেষ পর্যন্ত ভেঙে গেল জামায়াতের নেতৃত্বাধীন ইসলামি জোট। চরমোনাই পীর মুফতি রেজাউল করিমের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ জোটে থাকছে না। বৃহস্পতিবার সকালে আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
জোটের শরিকদের সঙ্গে এক সপ্তাহ ধরে চলা আলোচনায় ইসলামী আন্দোলন জানিয়েছে, কমপক্ষে ৮০ আসন না পেলে তারা জোটে থাকতে রাজি নয়। তবে জামায়াত ও ইসলামী আন্দোলন ছাড়া জোটের অন্য দলগুলো আলাদা বৈঠকে মিলিত হয়ে ১০ দলীয় জোট হিসেবে ঐক্যবদ্ধ থাকার সিদ্ধান্ত নিয়েছে।
খেলাফত মজলিসের একাংশের নেতা মাওলানা মামুনুল হক চরমোনাই পীরের সঙ্গে যোগাযোগ করে মধ্যস্থতার চেষ্টা করেন, কিন্তু শেষ পর্যন্ত সমঝোতা হয়নি।
জোটের মুখপাত্ররা জানিয়েছেন, নতুন আসন বণ্টন হতে পারে, কিন্তু এতে জোটে সমস্যা হবে না। ইসলামী আন্দোলন ২৬৬ জন প্রার্থী নিয়ে আলাদা নির্বাচনে অংশ নেবে এবং “হাতপাখা” প্রতীক ব্যবহার করবে।
জোট ভাঙার খবর কয়েকদিন ধরে ছড়িয়ে পড়লেও বুধবার তা ব্যাপকভাবে প্রকাশ পায়। জামায়াতের ডাকানো প্রেস কনফারেন্সও সমঝোতা না হওয়ায় স্থগিত হয়।
এভাবে ১১ দলীয় জোট এখন ১০ দলীয় জোটে পরিণত হয়েছে।