লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রমের বিরুদ্ধে মামলা দায়েরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শনিবার (১৭ জানুয়ারি) সকালে দেওয়া এক বিবৃতিতে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার বলেন, খেতাবপ্রাপ্ত বীরমুক্তিযোদ্ধা ও প্রবীণ রাজনীতিবিদ ড. অলি আহমদের বিরুদ্ধে দায়ের করা মামলা রাজনৈতিক প্রতিহিংসাপরায়ণ ও সম্পূর্ণ মিথ্যা।
বিবৃতিতে তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ড. অলি আহমদ ‘বীর বিক্রম’ খেতাবে ভূষিত হন। তিনি একজন সৎ, গণতন্ত্রমনা ও দেশপ্রেমিক রাজনীতিবিদ, যিনি দেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, এমন একজন পরিচ্ছন্ন ও মর্যাদাসম্পন্ন রাজনীতিবিদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়ের করা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত, অনভিপ্রেত এবং রাজনৈতিক অসৎ উদ্দেশ্যপ্রণোদিত।
তিনি অবিলম্বে এ মামলা প্রত্যাহারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।