প্রকাশ: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬, ৭:২৭ পিএম (ভিজিট : ৭৯)

X
'আমরা বিএনপি পরিবার' এর উপদেষ্টা ও বিএনপি কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, “বিগত ফ্যাসিবাদের সময়ে যারা গুমের শিকার হয়েছেন, তাদের জীবনের আলো নিভে গেছে অন্যায়ভাবে। যারা বাবা, ছেলে, মা, স্বামী, ভাই হারিয়েছেন তাদের শূন্যতা কখনো পূরণ হবে না। রাষ্ট্রের দায়িত্ব ছিল সকলকে রক্ষা করা, কিন্তু বিগত সরকার এ ক্ষেত্রে ব্যর্থ হয়েছে।
শনিবার (১৭ জানুয়ারি) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে গুম, খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সভাটি সঞ্চালনা করেন ‘মায়ের ডাক’ সংগঠনের সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি। ‘মায়ের ডাক’ ও 'আমরা বিএনপি পরিবার' এর যৌথ উদ্যোগে আনুষ্ঠানটির আয়োজন করা হয়।
মিল্লাত বলেন, আজকের এই আয়োজন তাদের জন্য এবং তাদের পরিবারদের পাশে দাঁড়ানোর জন্য আমাদের একটি ক্ষুদ্র প্রয়াস।”
তিনি বলেন, “আজকের এই আয়োজন বিএনপি পরিবারের উদ্যোগে নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোর স্পষ্ট বার্তা দিচ্ছে। আমরা আপনাদের ভুলে যাইনি, চুপ থাকিনি এবং কখনোই অন্যায়কে স্বাভাবিকভাবে মেনে নেব না। আমরা সবসময় আপনাদের পাশে আছি এবং থাকবো।”
তিনি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে বিশেষভাবে স্মরণ করে বলেন, “তিনি সবসময় নিপীড়িত মানুষের পক্ষে দাঁড়িয়েছেন এবং খুন-গুমের শিকার পরিবারদের ন্যায়বিচারের জন্য দৃঢ় অবস্থান নিয়েছেন। তার নেতৃত্বে বিএনপি বারবার বলেছে, এ দেশে আর কোন মা তার সন্তানের জন্য পথে পথে কাঁদবে না এবং আর কোন পরিবার অন্ধকারে হারিয়ে যাবে না।”
কোষাধ্যক্ষ মিল্লাত অনুষ্ঠানে শহীদদের আত্মার মাগফেরত কামনা করেন এবং দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা, পাশাপাশি জনাব তারেক রহমানের নেতৃত্বে দেশের উন্নয়নের প্রত্যাশা প্রকাশ করেন।