প্রকাশ: রোববার, ১৮ জানুয়ারি, ২০২৬, ১:৪০ পিএম (ভিজিট : ৮৪)

X
জুলাই আন্দোলনে আহত ও নিহত পরিবারের সদস্যদের উদ্দেশ্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, মহান মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হওয়ায় আপনারা লড়াই করে জীবন দিয়ে আহত হয়ে আরেকটা ক্ষেত্র প্রস্তুত করেছেন। সেহেতু আপনারাও এই সময়ের এক ধরনের মুক্তিযোদ্ধা। আমাদের মুক্তিযুদ্ধ বিষয়ক একটা মন্ত্রণালয় আছে, সেখানে আপনাদের যেসব সমস্যা সেই সব সমস্যার সমাধানের জন্য যে যে কাজ ওই কাজগুলি করতে পারবেন।
রবিবার দুপুরে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে এক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের সদস্যদের সঙ্গে এ মতবিনিময় করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এত্র বিএনপির অন্যান্য শীর্ষ নেতারাও উপস্থিত রয়েছেন।
তিনি বলেন, এই মন্ত্রণালয়ের এটাও দায়িত্ব হবে ২৪ এর গণভুত্থানে যারা নিহত হয়েছেন, শহীদ হয়েছেন তাদের সমস্যা সমাধান করা।
নজরুল ইসলাম খান বলেন, “যারা এই আন্দোলনে শহীদ হয়েছেন, যাদের পরিবার আজ ন্যায়বিচারের দাবি তুলেছেন—এই যোগ্য মানুষদের দিয়েই কেন আমরা দায়িত্ব দেব না? তারেক রহমান সাহেব ভাবছেন, শহীদ পরিবারের সদস্যদের দিয়েই বিচার কার্যক্রম তদারকি, আহতদের চিকিৎসা, সন্তানদের শিক্ষা ও পুনর্বাসনের দায়িত্ব দেওয়া হোক। সরকার পুরো সহযোগিতা করবে।”
তিনি বলেন, কোন আদালত যদি আপনার মামলা দিতে অস্বীকার করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সরকারকে বলার ক্ষমতা আপনাদের থাকবে।
শেষে নজরুল ইসলাম খান শহীদ ও আহত পরিবারগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, “অনেক অপেক্ষা করেছেন আপনারা। যাদের দায়িত্ব ছিল তারা তা পালন করেনি। এবার ভরসা রাখুন। তারেক রহমানের নেতৃত্বে আপনাদের সুবিচার, মর্যাদা ও পুনর্বাসনের দায়িত্ব আমরা ইনশাআল্লাহ পালন করব।”