প্রকাশ: রোববার, ১৮ জানুয়ারি, ২০২৬, ২:৪৭ পিএম আপডেট: ১৮.০১.২০২৬ ২:৫৩ পিএম (ভিজিট : ১৪৪)

X
প্রবাসীদের কাছে পাঠানো পোস্টাল ব্যালটে ধানের শীষ প্রতীকসহ তিনটি ইস্যুর প্রতিবাদে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের (ইসি) প্রধান কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা। দাবি আদায় না হলে সারারাত ইসি ঘেরাও করে অবস্থান চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
রোববার (১৮ জানুয়ারি) বেলা ১১টার দিকে ছাত্রদলের নেতাকর্মীরা ইসি কার্যালয়ের সামনে অবস্থান নেন। তারা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত প্রয়োজনে রাতভর এই কর্মসূচি চলবে।
অবস্থান কর্মসূচিতে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরসহ কেন্দ্রীয় ও মহানগরের শীর্ষ পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, “প্রবাসীদের জন্য পাঠানো নির্বাচনী ব্যালটের ভাঁজে ধানের শীষ প্রতীক রাখা হয়েছে, এটি একটি সুস্পষ্ট ষড়যন্ত্র। পাশাপাশি রাজনৈতিক দলের প্রত্যক্ষ প্রভাব ও হস্তক্ষেপে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন বিষয়ে নির্বাচন কমিশন যে নজিরবিহীন ও বিতর্কিত প্রজ্ঞাপন জারি করেছে, তা বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক চর্চার জন্য অশনিসংকেত। এর ভিত্তি কী, আমরা তার জবাব চাই। দাবি না মানা হলে এই কর্মসূচি দিন-রাত অব্যাহত থাকবে।”
ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান মজুমদার বলেন, “পোস্টাল ব্যালটে অনিয়ম করা হয়েছে। জাতীয় সংসদ নির্বাচনের আগে কীভাবে ছাত্র সংসদ নির্বাচনের অনুমতি দেওয়া হলো, এই প্রশ্নের উত্তর আমরা ইসির কাছে চাই। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এখান থেকে সরবো না। ছাত্রদলের নেতাকর্মীরাই সবচেয়ে বেশি শহীদ হয়েছেন। প্রয়োজন হলে আবার রক্ত দেবো, কিন্তু রাজপথ ছাড়বো না।”
অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে ইসি কার্যালয়ের সামনে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।