প্রকাশ: রোববার, ১৮ জানুয়ারি, ২০২৬, ৫:৪৯ পিএম (ভিজিট : ৮৮)

X
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে।
আজ রবিবার সন্ধ্যায় ওই সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এনসিপির ভেরিফায়েড পেজে দেয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।
ফেসবুকে দেয়া ওই পোস্টে জাতীয় নাগরিক পার্টি জানায়, রবিবার সন্ধ্যা ৭টায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া উপস্থিত থাকবেন।
এর আগে শনিবার সন্ধ্যায়ও সংবাদ সম্মেলন ডেকেছিল জাতীয় নাগরিক পার্টি। ওইদিন সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্ব ও দ্বৈত নাগরিকদের বৈধতা দেয়ার চেষ্টার অভিযোগ তুলেন এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টি কোনোভাবেই দ্বৈত নাগরিকদের নির্বাচনের সুযোগ দেবে না জানিয়ে তিনি বলেন, আমরা কোনো বিদেশি নাগরিককে বাংলাদেশে নির্বাচন করতে দেবো না। যদি নির্বাচন কমিশন কমিশন কোনোভাবে তাদের বৈধতা দেয়ার চেষ্টা করে, তাহলে আইনি লড়াইয়ের পাশাপাশি রাজপথে লড়াই করবো। কিন্তু কোনো ঋণখেলাপি-দ্বৈত নাগরিকদের আমরা নির্বাচন করতে দেবো না। প্রয়োজনে শেষ পদক্ষেপ হিসেবে সংশ্লিষ্ট আসনে ওই প্রার্থীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
উল্লেখ্য, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন নির্বাচনি ঐক্য জোটের সঙ্গে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। গত বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে জোটে থাকা ১০টি দলের মধ্যে চূড়ান্ত আসন ভাগাভাগির বিষয়ে জানানো হয়। যেখানে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৩০টি আসন পেয়েছে।