
দীর্ঘ প্রায় ২০ বছর পর চট্টগ্রামে এসেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এ উপলক্ষে নগরীর পলোগ্রাউন্ড মাঠে আয়োজিত মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তিনি। সমাবেশকে ঘিরে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।
রোববার (২৫ জানুয়ারি) ভোর থেকেই নেতাকর্মীরা দলে দলে সমাবেশস্থলে আসতে শুরু করেন। কেউ কেউ আবার আগের রাত থেকেই মাঠে অবস্থান নেন। দীর্ঘ দুই দশক পর দলের শীর্ষ নেতার চট্টগ্রাম আগমনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। পলোগ্রাউন্ড ও আশপাশের এলাকা ব্যানার, ফেস্টুন ও পোস্টারে ছেয়ে গেছে। সময়ের সঙ্গে সঙ্গে সমাবেশস্থলে উপস্থিতির সংখ্যাও বাড়ছে।
দলীয় সূত্রে জানা গেছে, রোববার সকাল সাড়ে ৯টায় তারেক রহমান তরুণদের সঙ্গে একটি পলিসি ডায়ালগে অংশ নেবেন। এরপর বেলা সাড়ে ১১টায় তিনি পলোগ্রাউন্ড মাঠের মহাসমাবেশে যোগ দেবেন। চট্টগ্রাম সফর শেষে ফেনী, কুমিল্লা ও নারায়ণগঞ্জে একাধিক পথসভায় অংশ নেওয়ারও কথা রয়েছে।
দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইকবাল হায়দার চৌধুরী বলেন, “আমরা রাত থেকেই সমাবেশস্থলের আশপাশে অবস্থান করছি। আমাদের মতো অনেক নেতাকর্মীই আগেভাগে এসে প্রস্তুতি নিয়েছেন, কারণ সকালে সব কর্মসূচি শেষ করেই আমরা ফিরে যাব।”
এর আগে শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় দীর্ঘ দুই দশক পর বিএনপির চেয়ারম্যান হিসেবে চট্টগ্রামের মাটিতে পা রাখেন তারেক রহমান। সন্ধ্যা ৭টা ২০ মিনিটে তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট বিজি-১৪৭ চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখান থেকে তিনি সরাসরি নগরীর পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লুতে যান এবং সেখানেই রাত্রিযাপন করেন।
এদিকে মহাসমাবেশকে কেন্দ্র করে চট্টগ্রাম নগরীতে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। প্রায় দুই হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। পুরো এলাকাকে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থায় ভাগ করা হয়েছে—রেড জোন, ইয়েলো জোন ও গ্রিন জোন। মঞ্চকে রেড জোন ঘোষণা করা হয়েছে, যেখানে কেবল বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, স্থায়ী কমিটির সদস্য এবং বৃহত্তর চট্টগ্রামের ২৩টি আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থীরা অবস্থান করতে পারবেন।
মঞ্চের সামনের অংশ ইয়েলো জোন হিসেবে নির্ধারণ করা হয়েছে, যেখানে সাংবাদিক ও নারীদের জন্য পৃথক ব্লক থাকবে। পুরো পলোগ্রাউন্ড মাঠ রাখা হয়েছে গ্রিন জোনের আওতায়।
উল্লেখ্য, এর আগে সর্বশেষ ২০০৫ সালে চট্টগ্রাম সফর করেছিলেন তারেক রহমান। সে সময় চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের প্রচারণায় অংশ নিয়ে তিনি নগরীর লালদিঘী ময়দানে এক জনসভায় বক্তব্য দেন।