বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা রাজনীতি করে সম্পদ বানাইনি, বরং বাড়িঘর বিক্রি করে রাজনীতি করি। আমাদের কাছে আপনারা নিরাপদ থাকতে পারবেন।
রোববার (২৫ জানুয়ারি) ঠাকুরগাঁও-১ আসনের বরুনাগাঁও মাদ্রাসা মাঠে আয়োজিত এক নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।
এর আগে স্থানীয় ভোটারদের কাছে বিভিন্ন সমস্যার কথা শোনেন মির্জা ফখরুল। ভোটাররা বিগত আমলে জুলুম নিপিড়ন ও জমি দখলের কথা জানান।
এর প্রেক্ষিতে মির্জা ফখরুল বলেন, আপনাদের জন্য এর আগেও পৌরসভার চেয়ারম্যান থাকাকালে কাজ করেছি। সংসদে গিয়েও কাজ করেছি। আমাকে আপনারা দীর্ঘদিন ধরে চেনেন। আমার নতুন করে পরিচয় দেবার কিছু নেই। আমার গোটা পরিবারকে আপনারা চেনেন। বাবা-দাদার জমি বিক্রি করে রাজনীতি করি, আপনাদের আমানতের খেয়ানত করবো না। আপনাদের সব সমস্যার স্থায়ী সমাধান করবো। আপনারা অভিযোগ করেছেন এখানে বিগত আওয়ামী লীগ সরকারের দুর্বৃত্তদের অত্যাচারে অতিষ্ঠ এগুলো আর থাকবে না। আমার দলের কেউ দুর্বৃত্তায়নে জড়িত হলে কঠোর ব্যবস্থা নেব।
এসময় মির্জা ফখরুল ঘোষণা দেন যে, বিএনপি ক্ষমতায় গেলে সাধারণ মানুষের জন্য ‘ফ্যামিলি কার্ড’ এবং কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ দেওয়া হবে।
অতীতে তার দল ডিপ টিউবওয়েলের মাধ্যমে পানির ব্যবস্থা এবং ভুট্টা চাষের সুযোগ সৃষ্টির মাধ্যমে কর্মসংস্থান তৈরি করেছিল বলেও তিনি উল্লেখ করেন।
রাজনীতিতে ধর্মের ব্যবহারের বিরোধিতা করে তিনি বলেন, আমরা এ দেশে উদারপন্থী গণতন্ত্র চাই এবং মানুষের কথা বলার অধিকার দিতে চাই।
নিজের বয়সের কথা উল্লেখ করে ৭৮ বছর বয়সী এই নেতা আবেগঘন কণ্ঠে বলেন, আমি আপনাদেরই মানুষ, আপনাদের কাছেই বেড়ে উঠেছি। এখন আমার বয়স ৭৮, ভবিষ্যতে হয়তো এই শক্তি থাকবে না। তাই আমাকে আপনাদের জন্য কাজ করার সুযোগ করে দেন।