প্রকাশ: রোববার, ২৫ জানুয়ারি, ২০২৬, ৪:২৯ পিএম (ভিজিট : ৭২)

X
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আজ রবিবার কুমিল্লায় যাচ্ছেন। তিনি জেলার চৌদ্দগ্রাম, সদর দক্ষিণ ও দাউদকান্দি উপজেলায় পৃথক তিনটি জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। দীর্ঘ প্রায় দুই যুগ বছর পর তারেক রহমানের সমাবেশ সফল করতে জেলা ও উপজেলা বিএনপিসহ সহযোগী সংগঠনগুলো সম্মিলিতভাবে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। পৃথক তিনটি সমাবেশে প্রায় ১০ লক্ষাধিক মানুষ সমাগমের আশা করছেন দলের নেতা-কর্মীরা।
দলীয় সূত্রে জানা যায়, তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে কুমিল্লা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। চট্টগ্রাম ও ফেনীর সমাবেশ শেষ করার পর রোববার বিকেল সাড়ে ৫টার দিকে তিনি কুমিল্লার চৌদ্দগ্রাম হাইস্কুল মাঠের সমাবেশে বক্তব্য রাখার কথা রয়েছে। পরে সন্ধ্যা ৭টায় কুমিল্লার সোয়াগাজীর ডিগবাজি মাঠে এবং সাড়ে ৮টার দিকে দাউদকান্দি উপজেলার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সমাবেশে বক্তব্য রাখার কথা রয়েছে। তারেক রহমানের আগমনকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী এবং দলের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। মঞ্চের চারপাশে তারেক রহমানকে স্বাগত জানিয়ে ব্যানার ও ফেস্টুন লাগানো হয়েছে।
ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে সদর দক্ষিণ উপজেলার ফুলতলী এলাকায় ধানী জমিতে চলছে মঞ্চ নির্মাণের কাজ। গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করা হচ্ছে। এছাড়াও চৌদ্দগ্রাম ও দাউদকান্দি উপজেলার জনসভাস্থলে মঞ্চ নির্মাণ, ব্যানার-ফেস্টুন টানানো, সাউন্ড সিস্টেম স্থাপনসহ সকল কাজ সম্পন্ন হয়েছে। স্থানীয় প্রশাসন থেকে সমাবেশ ঘিরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিতে স্বেচ্ছাসেবক দল এবং দলীয় নিরাপত্তা টিম দায়িত্ব পালন করবে বলে দলীয় সূত্রে জানানো হয়েছে।
কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু জানান, ২০০২ সালে কুমিল্লা স্টেডিয়ামে তারেক রহমান একটি সমাবেশে বক্তব্য রাখেন। দীর্ঘ দিন পর তার সরাসরি উপস্থিতি নেতাকর্মীদের নতুন করে উজ্জীবিত করবে এবং দলীয় কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার করবে বলে মনে করছেন তিনি।
চেয়ারপারসনের উপদেষ্টা ও দক্ষিণ জেলার ছয়টি সংসদীয় আসনের বিএনপির নির্বাচনী সমন্বয়ক হাজী আমিনুর রশীদ ইয়াছিন জানান, সমাবেশে সফল করতে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী জনসভায় অংশগ্রহণের জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে।
কুমিল্লা-৬ (সদর ও সদর দক্ষিণ) আসনের বিএনপির প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী বলেন, আজ তারেক রহমানের সমাবেশ সফল করতে আমাদের সকল প্রস্তুতি শেষ। এ সমাবেশ হবে সদর আসনে স্মরণকালের একটি বড় সমাবেশ।
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাকারিয়া তাহের সুমন জানান, তারেক রহমানের এ সফর শুধু কুমিল্লা নয়, পুরো দক্ষিণ-পূর্বাঞ্চলের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ ও ইতিবাচক প্রভাব ফেলবে। দীর্ঘদিন পর সরাসরি দলীয় প্রধানের উপস্থিতি দলের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং মাঠপর্যায়ের নেতাকর্মীদের আরও ঐক্যবদ্ধ করবে।
কুমিল্লা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বলেন, তারেক রহমানের আগমন উৎসবে পরিণত হচ্ছে। জেলার পৃথক তিনটি সমাবেশে কমপক্ষে ১০ লাখ জনসাধারণের উপস্থিতি আমরা আশা করছি। আমাদের সেই ধরনের প্রস্তুতিও রয়েছে।