প্রকাশ: রোববার, ২৫ জানুয়ারি, ২০২৬, ৫:৫০ পিএম আপডেট: ০২.০২.২০২৬ ৪:৪০ পিএম (ভিজিট : ১২৫)

X
সম্পর্ক যতই মধুর হোক না কেন, মনোমালিন্যের কিছুটা তিতকুটে ভাব আমাদের একটা না একটা সময় ঘিরে ধরেই। আর তা থেকে বেরিয়ে আবারও মিষ্টি আমেজ ফিরিয়ে আনতে হলে জাদুর মতো কাজ করে একটি শব্দ— 'সরি'!
তবে কি নিজের ভুল না থাকলেও সরি বলবেন? না এমনটা নিশ্চয়ই করা ঠিক হবে না। কিন্তু এক্ষেত্রে কিছু বিষয়ের দিকে নজর দিতে হবে।
দোষ কি আপনার?
একেবারে শুরু থেকে শুরু করা যাক। ধরা যাক, আপনার কোনো আচরণে কেউ কষ্ট পেয়েছেন। এমতাবস্থায় সাধারণ চোখে, সরি আপনার বলা উচিত। কিন্তু কাজটি কী ছিল, আপনি কাজটি করার মাধ্যমে কি তাকে আসলেই কষ্ট দিতে চেয়েছেন—নাকি আপনার উদ্দেশ্য সৎ ছিল, বরং অপরপক্ষই বিষয়টিকে ভুলভাবে গ্রহণ করেছে? এমন বহু প্রশ্নের পুলসিরাত পেরিয়েই জানতে হবে, দোষ কি আপনার ছিল? যদি নির্দ্বিধায় মনের মধ্যে উত্তর আসে 'হ্যাঁ', তবে আজই একটি চিরকুটে লিখে ফেলুন পৃথিবীর মানবিক শান্তিচুক্তির একটি ছোট্ট কিন্তু সবচেয়ে শক্তিশালী শব্দ—সরি!
দোষ যদি আপনার নাও হয়...
অনেক ক্ষেত্রে এমন হতে পারে যে কেউ আপনার কোনো আচরণকে ধরে নিয়ে কষ্ট পেয়েছে, কিন্তু দোষটা আপনার নয়। এমন সব ক্ষেত্রে যদি আপনি বিষয়টি জানতে পারেন, তাহলে ব্যক্তিটির সঙ্গে মুখোমুখি বসুন, আলাপ করুন। তাকে বুঝিয়ে বলুন, আপনার দৃষ্টিভঙ্গি ও আপনার অবস্থান। এক্ষেত্রে সোজাসুজি সরি বলে ক্ষমা চাওয়ার বিষয়টি থাকবে না ঠিকই, কিন্তু আপনি তাকে অন্তত এটুকু বোঝাতে পারেন যে আপনি তার কষ্টটা বুঝতে পারছেন।
মনে রাখতে হবে, 'সরি' কোনো জাদুর ছড়ি নয় যা ঘোরালেই আপনার সব ধরনের কাজ ন্যায্যতা পেয়ে যাবে। সম্পর্কের গভীরতা বুঝে, অন্যের প্রতি আপনার যেকোনো অযাচিত আচরণের মাত্রা পরিমাপ করে যথাযথ উপায়ে সরি বলতে হবে।
অনেক সময় এমনটা হয় যে সরি বলার পরও অপর পক্ষের সঙ্গে মনোমালিন্য দূর হয় না, বরং অদ্ভুত এক নীরবতায় ছেয়ে যায়।
তাই শুধু সরি বলা নয়, মন থেকে তা অনুভব করে এরপর পর্যাপ্ত ব্যাখ্যাসহ বা ক্ষেত্রবিশেষে ব্যাখ্যা ছাড়া উপস্থাপন করুন নিজেকে।
/ হিরূ