ঢাকা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক মন্ত্রী আলহাজ্ব আমান উল্লাহ আমানের পক্ষে প্রচারণা চালাচ্ছেন তাঁর পুত্র ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি। অপরদিকে ঢাকা-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী বাবু গয়েশ্বর চন্দ্র রায়ের পক্ষে মাঠে রয়েছেন তাঁর পুত্রবধূ, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট নিপুণ রায় চৌধুরী।
গণসংযোগকালে ব্যারিস্টার অমি বলেন, ধানের শীষ কোনো ব্যক্তির প্রতীক নয়। এটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের আদর্শের প্রতীক। আজ সারাদেশে এই প্রতীকের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। কারণ মানুষ বিএনপিকে ভালোবাসে, আর বিএনপিও সবসময় মানুষের পাশে থেকেছে।
তিনি বলেন, বিএনপি কথায় নয়, কাজে বিশ্বাসী। আমরা শুধু প্রতিশ্রুতি দিই না, বাস্তবায়ন করি। মানুষের আস্থা ও ভালোবাসাই তার প্রমাণ।
তিনি আরও বলেন, আমাদের সবচেয়ে বড় শক্তি যুবসমাজ। আমি সর্বোচ্চ চেষ্টা করব, যাতে একজন শিক্ষিত যুবকও বেকার না থাকে। কর্মসংস্থান সৃষ্টি করাই হবে আমাদের প্রধান লক্ষ্য।
এদিকে ঢাকা-৩ গণসংযোগকালে নিপুণ রায়চৌধুরী বলেন, গয়েশ্বর চন্দ্র রায় একজন পরীক্ষিত ও ত্যাগী নেতা। স্বৈরাচারী আওয়ামী লীগ আমলে কেরানীগঞ্জবাসী উন্নয়ন ও ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছে। এবার তারা ভোটের মাধ্যমে জবাব দেবে।
তিনি আরও বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে ধানের শীষের বিজয় কেউ ঠেকাতে পারবে না। নারী ও পরিবারকল্যাণ প্রসঙ্গে তিনি জানান, বিএনপি সরকার গঠন করলে প্রতিটি পরিবারের জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালুর পরিকল্পনা রয়েছে। তিনি আরও বলেন, ঢাকা-২ এর মানুষ পরিবর্তন চায়। দীর্ঘদিন ধরে তারা ভোটাধিকার থেকে বঞ্চিত। এবার জনগণ নিজের ভোট নিজেই দেবে। ধানের শীষই হবে গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক।