প্রকাশ: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ১২:০৩ পিএম আপডেট: ২৮.০১.২০২৬ ৩:৫০ পিএম (ভিজিট : ১৬৯)

X
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানে উত্তরা এলাকার মানুষের বিশাল অবদান রয়েছে, যা আগামী দিনের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। বহু রক্ত ও ত্যাগের বিনিময়ে দেশে যে পরিবর্তন এসেছে, তা ধরে রাখার দায়িত্ব এখন জনগণের ওপর।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) দিবাগত রাতে উত্তরা আজমপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আয়োজিত জনসভায় দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে, মানুষের রাজনৈতিক অধিকার নিশ্চিত করতে হবে এবং বাকস্বাধীনতা ও ভোটের অধিকারকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে হবে যাতে ভবিষ্যতে আর কোনো স্বৈরাচার এসে নাগরিক অধিকার হরণ করতে না পারে।
সামনে নির্বাচনকে কেন্দ্র করে একদল আরেক দলকে উদ্দেশ্য করে বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, জনগণের প্রকৃত সমস্যা সমাধানই হওয়া উচিত রাজনীতির মূল লক্ষ্য।
উত্তরার সমস্যার কথা তুলে ধরে তারেক রহমান বলেন, মানুষ নিয়মিত গ্যাস বিল দিলেও ঠিকমতো গ্যাস পাচ্ছে না এ সমস্যা শুধু ঢাকার নয়, সারাদেশের। একইভাবে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত মানুষের চিকিৎসাসেবার জন্য উত্তরায় একটি সরকারি হাসপাতাল জরুরি। ইনশাআল্লাহ ধানের শীষ বিজয়ী হয়ে সরকার গঠন করতে পারলে এখানে একটি সরকারি হাসপাতাল নির্মাণ করা হবে।
তিনি বলেন, এলাকাবাসী নিয়মিত পানি বিল দিলেও বিশুদ্ধ পানি ঠিকভাবে পাচ্ছে না। সামনে বর্ষা মৌসুম এলে উত্তরার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়, বহু সড়ক পানির নিচে চলে যায়। জলাবদ্ধতা নিরসনে অগ্রাধিকারভিত্তিতে কাজ করা হবে। পাশাপাশি যানজট নিরসনে বিএনপির সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে।
মাদক সমস্যাকে ভয়াবহ উল্লেখ করে তিনি বলেন, মাদকের কারণে বহু পরিবার ধ্বংস হয়ে গেছে। যে কোনো মূল্যে এই সমস্যা থেকে এলাকাবাসী ও দেশের মানুষকে রক্ষা করতে হবে।
তিনি আরও বলেন, যুব সমাজের বড় সমস্যা হলো কর্মসংস্থানের অভাব। কর্মসংস্থান নিশ্চিত করতে পারলে একটি প্রত্যাশিত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে। বক্তব্যের শেষপর্যায়ে তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে স্লোগান দেন “করবো কাজ,গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ”।