প্রকাশ: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ৬:৩৭ পিএম আপডেট: ২৯.০১.২০২৬ ৬:৩৬ পিএম (ভিজিট : ৩৪৫)

X
জামায়াতে ইসলামীর এক নারীনেত্রীকে রাজধানীতে রামদা দিয়ে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে। আহত ওই নেত্রীর নাম কাজী মারিয়া ইসলাম বেবি। তিনি জামায়াতের রুকন ও মহিলা নেত্রী।
বুধবার (২৮ জানুয়ারি) বিকালে রাজধানীর কদমতলীর ৫২ নম্বর ওয়ার্ডের ডিপটির গলি এলাকায় এই হামলার ঘটনা ঘটেছে। জামায়াতের প্রচার সেক্রেটারি ইমন আশরাফ এই তথ্য জানিয়েছেন।
তিনি জানান, জামায়াতে ইসলামীর ঢাকা-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী সৈয়দ জয়নুল আবেদীনের দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে গণসংযোগকালে কদমতলীর ৫২ নং ওয়ার্ডের ডিপটির গলির কাইল্লা পট্টিতে সন্ত্রাসীরা জামায়াতে ইসলামীর নারী কর্মীদের ওপর হামলা করে। সন্ত্রাসীরা জামায়াতের রুকন ও মহিলা নেত্রী কাজী মারিয়া ইসলাম বেবির মাথায় রামদা দিয়ে কোপ দিলে তিনি গুরুতর আহত হন। তার মাথায় চারটি সেলাই দিতে হয় চিকিৎসকদের।
এর আগে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেন, সারা দেশে জামায়াতসহ ১১ দলীয় নির্বাচনি ঐক্যের নারী কর্মীদের হামলা করা হচ্ছে। সাম্প্রতিক সময়ে আমরা লক্ষ করছি, দেশের বিভিন্ন জেলায় নির্বাচন কর্মকাণ্ডে যুক্ত নারীরা, বিশেষ করে জামায়াতে ইসলামীর নারী কর্মীরা ধারাবাহিকভাবে হামলা, মারধর, অপমান, ভয়ভীতি ও সামাজিক লাঞ্ছনার শিকার হচ্ছেন। এটি নারীর নিরাপত্তা নিয়ে সৃষ্ট একটি গভীর জাতীয় উদ্বেগের বিষয়।
আহত কাজী মারিয়া ইসলাম বেবি জানান, ঢাকা-৪ আসনে জামায়াতের প্রার্থীর প্রচারণার অংশ হিসেবে কদমতলীর ৫২ নম্বর ওয়ার্ডে কাজ করছিলেন তারা। এ সময় কয়েকজন ব্যক্তি তাদের প্রচারণায় বাধা দেন এবং জয়নুল আবেদীনকে তারা চেনেন না বলে বিভিন্ন কথা বলতে থাকেন। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে তারা একটি সরু গলির মধ্যে প্রবেশ করলে হঠাৎ করে কেউ তার মাথায় ধারালো অস্ত্র দিয়ে কোপ দিয়ে পালিয়ে যায়। হামলাকারীকে তিনি দেখতে পাননি। আহত অবস্থায় এক রিকশাচালক তাকে কাছেই এক চিকিৎসকের কাছে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে তিনি বাসায় ফিরে যান। তার মাথায় চারটি সেলাই পড়ে।
এ বিষয়ে কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আশরাফুজ্জামান জানান, জামায়াতের একজন নারীকর্মী আহত হওয়ার বিষয়টি আমরা জানতে পেরেছি। তবে কীভাবে তিনি আহত হয়েছেন, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।