প্রকাশ: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬, ৭:০২ পিএম (ভিজিট : ৬৫)

X
ঢাকা-১৭ আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ধানের শীষ প্রতীকের নির্বাচনী প্রচারণা জোরদার করতে ভাষানটেক এলাকায় মিছিল ও গণসংযোগ করেছে ছাত্রদল।
শনিবার (৩১ জানুয়ারি) ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ মোঃ আদনানের নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মিছিল ও গণসংযোগকালে স্থানীয় সাধারণ মানুষের মাঝে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট চাওয়া হয় এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা তুলে ধরা হয়। নেতাকর্মীরা গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার প্রতিষ্ঠার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজ আনোয়ার, সহ-সাধারণ সম্পাদক রুহুল আমিন, আশিকুর রহমান আশিক, সাবেক সহ-সাধারণ সম্পাদক সুমন হোসেন, কামরুজ্জামান কামরুল, সাবেক সমাজসেবা সম্পাদক মওদুদ হোসেন মঈন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক মাহমুদুল হাসানসহ ঢাকার বিভিন্ন ইউনিটের পাঁচ শতাধিক নেতাকর্মী।
নেতারা বলেন, গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার ও জনগণের ভোটের অধিকার নিশ্চিত করতে ধানের শীষের বিজয়ের কোনো বিকল্প নেই। তারা আসন্ন নির্বাচনে ঢাকা-১৭ আসনে ধানের শীষ প্রতীকের পক্ষে ব্যাপক জনসমর্থনের আশাবাদ ব্যক্ত করেন।