
X
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান
দীর্ঘ ২০ বছর পর বরিশাল যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় বরিশালের ঐতিহাসিক বেলস পার্ক মাঠে অনুষ্ঠিতব্য নির্বাচনী জনসভায় ভাষণ দেওয়ার কথা রয়েছে তার।
দলীয় সূত্র জানায়, বুধবার বেলা ১১টায় হেলিকপ্টারযোগে ঢাকা থেকে রওনা হয়ে দুপুর ১২টার দিকে তিনি জনসভাস্থলে পৌঁছাবেন। জনসভায় তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী রূপরেখা তুলে ধরবেন এবং দক্ষিণাঞ্চলের সার্বিক উন্নয়ন পরিকল্পনা নিয়ে বক্তব্য দেবেন বলে আশা করছেন নেতাকর্মীরা।
তারেক রহমানের আগমনকে ঘিরে বরিশাল বিভাগজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। প্রিয় নেতাকে একনজর দেখতে ভোর থেকেই বরিশাল বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হতে শুরু করেছেন।
সমাবেশে বরিশাল বিভাগের ২১টি সংসদীয় আসনের বিএনপি ও মিত্র জোটের প্রার্থীরা উপস্থিত থাকবেন। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম দেশজুড়ে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন বিএনপির চেয়ারম্যান। জেলায় জেলায় জনসভা ও পথসভায় তিনি দলের ৩১ দফা কর্মসূচির আলোকে বিভিন্ন প্রতিশ্রুতি তুলে ধরছেন।
বিএনপি সরকার গঠন করতে পারলে চার কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য কৃষক কার্ড, এবং সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন তারেক রহমান। পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি, বেকার ভাতা চালু, নারী ও তরুণদের অগ্রাধিকার দেওয়ার কথাও তিনি বারবার তুলে ধরছেন।
রাজধানী ঢাকাসহ বড় শহরগুলোর বস্তিবাসীদের জন্য আবাসন সুবিধা নিশ্চিত করতে ফ্ল্যাট দেওয়ার পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি। এছাড়া প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হেলথ কেয়ারার নিয়োগের ঘোষণা দিয়েছেন বিএনপির চেয়ারম্যান।
তারেক রহমান জানান, অঞ্চলভিত্তিক সমস্যা চিহ্নিত করে স্থানীয় পর্যায়ে টেকসই সমাধানে কাজ করা হবে। তবে সাধারণ মানুষের প্রত্যাশা নির্বাচিত হলে এসব প্রতিশ্রুতি যেন বাস্তবায়িত হয়।
দলীয় সূত্রে আরও জানা গেছে, আগামী শুক্রবার বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হবে। এতে নারী ও তরুণদের দাবিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে বলে ধারণা করা হচ্ছে। ইশতেহারে যুব কর্মসংস্থান, বেকার ভাতা, গণতন্ত্র পুনরুদ্ধার, বিচার বিভাগের স্বাধীনতা, মানবাধিকার ও বাকস্বাধীনতা নিশ্চিত করার বিষয়গুলো গুরুত্ব পাবে।
উল্লেখ্য, সর্বশেষ ২০০৫ সালে বিভাগীয় তৃণমূল সম্মেলনে অংশ নিতে বরিশাল সফর করেছিলেন তারেক রহমান।