
X
বক্তব্য রাখছেন রুহুল কবির রিজভী
বিএনপির বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার চলছে বলে মন্তব্য করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, বট আইডি দিয়ে মানুষের চরিত্র হনন, কুৎসা রটনা, অপপ্রচারের যেন শেষ নেই। গান, নৃত্য ও অভিনয়ের মাধ্যমে অপপ্রচারের বিরুদ্ধে ভূমিকা রাখতে হবে শিল্পীদের।
আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে করে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার উদ্যোগে নির্বাচনি প্রচারণা সঙ্গীতের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, বিএনপি সবার জন্য সমান সুযোগে বিশ্বাস করে। জাসাসের কর্মীদেন গতানুগতিক রাজনীতি করার দরকার নেই। আপনাদের রাজনীতি হবে ভিন্নতর।
তিনি বলেন, যারা গণতন্ত্রের জন্য আপসহীন সংগ্রাম করলো, যারা গুপ্ত এবং সুপ্ত হয়ে আওয়ামী লীগের বোরকার নিচে থাকেনি, আওয়ামী লীগের আবরণের মধ্যে যারা থাকেনি, যারা সত্য এবং ন্যায়কে সুস্পষ্টভাবে রুদ্রালোকের মধ্যে যারা বলেছে, তাদের বিরুদ্ধে আজ সুপরিকল্পিতভাবে— এক ধরনের মিথ্যা প্রোপাগান্ডা চালানোর চেষ্টা চালানো হচ্ছে।
তিনি আরও বলেন, জাতীয়তাবাদী শক্তির শেকড় এত গভীরে যে, একটা গাছ বা বটগাছের যে শেকড় যতদূরে যায়, তার চাইতেও অনেক গভীরের শেকড়। এই শেকড়কে অপপ্রচার দিয়ে মিথ্যার ঝলকানি দিয়ে এটিকে ঢেকে রাখা যাবে না। এটাকে নুইয়ে ফেলা যাবে না। এটা একেবারে সোজা মেরুদন্ড নিয়ে দাঁড়িয়ে থাকবে।
বিএনপির সিনিয়র এই নেতা বলেন, এই সমস্ত কুৎসা, অপপ্রচারের বিরুদ্ধে আমাদের কবি, সাহিত্যিক, শিল্পী, গীতিকার, অভিনয় শিল্পী, সুরকার যারা আছেন- সবাই মিলে আপনাদের সুললিত ধ্বনি, আপনাদের অত্যন্ত শক্তিশালী শব্দ সবগুলোকে ব্যবহার করে আমরা এই অপপ্রচারের যে কষাঘাত চলছে, সেটাকে আমরা পরাজিত করবো। আমরা সত্য, ন্যায় এবং ধানের শীষের নিশ্চিত বিজয় ঘটাতে সক্ষম হব।