প্রকাশ: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:১৮ পিএম (ভিজিট : ১৭০)

X
কুষ্টিয়া-৩ আসনে জামায়াতের প্রার্থী ও আলোচিত ইসলামিক বক্তা মুফতি আমির হামজার ভেরিফায়েড ফেসবুক পেইজ বন্ধ করেছে মেটা কর্তৃপক্ষ। কপিরাইট স্ট্রাইকে সাইবার হামলার মাধ্যমে তার পেইজটি অপসারণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন জামায়াতে ইসলামীর কুষ্টিয়া শহর শাখার আমির এনামুল হক।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আমাদের সকল অনুসারী, শুভানুধ্যায়ী ও শুভাকাঙ্ক্ষীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, মুফতি আমির হামজার অফিসিয়াল ফেসবুক পেইজ গত কয়েকদিন ধরে একটি সংঘবদ্ধ অপশক্তির পরিকল্পিত ভুয়া কপিরাইট স্ট্রাইক ও সাইবার আক্রমণের শিকার হয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় আজ ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা (Meta) কর্তৃপক্ষ সাময়িকভাবে পেইজটি অপসারণ করেছে। এটি কোনো নীতিমালা লঙ্ঘনের কারণে নয় বরং উদ্দেশ্য প্রণোদিত মিথ্যা অভিযোগ ও ভুয়া রিপোর্টিংয়ের ফল।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, মানুষের ভালোবাসা, সমর্থন ও ক্রমবর্ধমান জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি চিহ্নিত মহল এই ন্যাক্কারজনক কাজটি করেছে। তবে আমরা স্পষ্ট করে বলতে চাই- ফেসবুক থেকে একটি পেইজ সরিয়ে দিলেও মানুষের হৃদয় থেকে আমির হামজাকে সরানো যাবে না
ইতোমধ্যে পেইজ পুনরুদ্ধারের জন্য মেটা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং প্রয়োজনীয় সকল তথ্য ও প্রমাণ উপস্থাপনের প্রক্রিয়া চলমান রয়েছে।