প্রকাশ: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৩৮ পিএম আপডেট: ০৭.০২.২০২৬ ৫:৪৫ পিএম (ভিজিট : ৮০)

X
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, দেশের প্রচলিত প্রধান দুই রাজনৈতিক দলের শাসনামলে জনগণ কাঙ্ক্ষিত পরিবর্তন পায়নি।
শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের ‘হাতপাখা’ প্রতীকের প্রার্থী মুঃ আবু বক্কর ছিদ্দিকীর সমর্থনে সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মুফতি সৈয়দ রেজাউল করিম তিনি এসব কথা বলেন।
এই সময় তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন, “দেশের প্রচলিত প্রধান দুই রাজনৈতিক দলের শাসনকাল আমরা দেখেছি। যখন বিএনপি ক্ষমতায় আসে তখন আওয়ামী লীগ ঘর ছেড়ে পালায়, আবার যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসে তখন বিএনপি ঘর ছেড়ে পালায়। দেশের এই অপরাজনীতির পরিবর্তন দরকার।”
বিএনপি-জামায়াত জোটের সমালোচনা করে চরমোনাই পীর বলেন, “বিএনপি ও জামায়াত জোট ইসলামকে রাষ্ট্রীয় পর্যায়ে পরিচালনার জন্য নির্ধারণ করেনি। তারা প্রচলিত গণতান্ত্রিক আইনেই রাষ্ট্র পরিচালনা করতে চায়।”
দেশের বর্তমান ও অতীত রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ তুলে তিনি বলেন, “আমরা দেখেছি, সরকার ক্ষমতায় এলে ফাঁসির আসামি খালাস পেয়ে যায় এবং দেশের অর্থ বিদেশে পাচার হয়। গত ৫৪ বছর ভোট দিয়ে জাতি যা প্রত্যাশা করেছিল, তা পূরণ হয়নি। বরং দুর্নীতিতে বিশ্বে পাঁচবার চ্যাম্পিয়ন হওয়ার গ্লানি জাতিকে বহন করতে হয়েছে।”
সংখ্যালঘুদের নিরাপত্তা বিষয়ে তিনি বলেন, “চরমোনাইয়ের কাছে সকল দলের লোকসহ সংখ্যালঘু সম্প্রদায় নিরাপদ। গত ৫ আগস্টের পর যখন একটি মহল দখলবাজি ও চাঁদাবাজিতে লিপ্ত ছিল, তখন ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা সংখ্যালঘুদের জানমাল রক্ষায় অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করেছে।”
জনসভায় চরমোনাই পীর পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুঃ আবু বক্কর ছিদ্দিকীর পক্ষে ভোট প্রার্থনা করেন। এ সময় দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।