প্রকাশ: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:১২ এএম আপডেট: ০৯.০২.২০২৬ ১১:১৭ এএম (ভিজিট : ৭৯)

X
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তাদের ভাষণ সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)।
সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের ভাষণ এবং রাত ৭টা থেকে ৮টার মধ্যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ভাষণ সম্প্রচার করা হবে। একই দিনে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের ভাষণ সম্প্রচারেরও কথা রয়েছে।
এর আগে রোববার (৮ ফেব্রুয়ারি) জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের (চরমোনাই পীর) ভাষণ বিটিভিতে সম্প্রচার করা হয়।
এদিকে নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সেনাবাহিনীসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে নেমেছেন। পাশাপাশি মঙ্গলবার থেকে নির্বাচনি অপরাধের দ্রুত বিচার নিশ্চিত করতে ৬৫৭ জন বিচারক দায়িত্ব পালন করবেন।
সরকারি তথ্যমতে, এবারের জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন বাহিনীর প্রায় ৯ লাখ সদস্য নির্বাচনি দায়িত্বে নিয়োজিত থাকবেন। এর মধ্যে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) প্রায় সাড়ে ৫ লাখ সদস্য ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করবেন। এছাড়া পুলিশের প্রায় দেড় লাখ, সশস্ত্র বাহিনীর ১ লাখ এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর ৩৭ হাজারের বেশি সদস্য মোতায়েন থাকবে। ৪৩ হাজার ভোটকেন্দ্রের মধ্যে ২৫ হাজার ৭০০টিতে বডি-ওর্ন ক্যামেরা ব্যবহারের ব্যবস্থা করা হয়েছে।
নির্বাচন পর্যবেক্ষণে থাকবেন প্রায় ৪০০ জন বিদেশি পর্যবেক্ষক ও প্রায় ৫০ হাজার দেশীয় পর্যবেক্ষক। একইসঙ্গে বিদেশি সাংবাদিকরাও নির্বাচনি কার্যক্রম পর্যবেক্ষণ ও তথ্য সংগ্রহ করবেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ২৩২ জন।