প্রকাশ: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৪০ পিএম (ভিজিট : ৪৩)

X
ফাইল ছবি
সময়টা ভালো যাচ্ছে না আর্লিং হলান্ডের। ইংলিশ প্রিমিয়ার লিগে সেভাবে জালের দেখা পাচ্ছেন না এই তারকা স্ট্রাইকার। তাই তিনি মনে করছেন, ম্যানচেস্টার সিটির হয়ে তার পারফরম্যান্সের উন্নতি প্রয়োজন। ইংলিশ প্রিমিয়ার লিগে ক্লাবের হয়ে সবশেষ আট ম্যাচে কেবল দুটি গোল করতে পেরেছেন ২৫ বছর বয়সি হাল্যান্ড, দুটিই পেনাল্টি থেকে। যার একটি গত রোববার লিভারপুলের বিপক্ষে।
ম্যাচের ৮৪তম মিনিটে বের্নার্দো সিলভা সমতা ফেরানোর পর যোগ করা সময়ে স্পট কিক থেকে সিটিকে এগিয়ে নেন হলান্ড। সেই গোলেই ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে পেপ গার্দিওলার দল। আর সেই ২০ ডিসেম্বর ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিপক্ষে ওপেন প্লে থেকে কোনো গোল পেয়েছিলেন হলান্ড।
তারপর থেকে কেবল পেনাল্টি থেকে গোল পাওয়ায় নিজের ভেতরে উন্নতির তাগিদ অনুভব করছেন তিনি,‘ আপনি বলতে পারেন, চলতি বছরের শুরু থেকে আমি যথেষ্ট গোল করিনি। আমি জানি যে, আমার উন্নতি প্রয়োজন। আমি জানি যে, আমার আরও শাণিত হওয়া প্রয়োজন। এই সব কিছুতেই আরও ভালো হওয়া প্রয়োজন। আর এটা নিয়ে আমার কাজ করতে হবে। আমাকে এগিয়ে যেতে হবে, কারণ এটা সবার প্রত্যাশিত এবং প্রাপ্য। কেন আমি পারফরম করতে পারছি না, এটা নিয়ে আমি কথা বলতে চাই না। আমি মনে করি না, এখানে কোনো অজুহাত আছে। ক্লান্তির ব্যাপারটা অনেকাংশে মানসিক।’
২১ গোল করে প্রিমিয়ার লিগে এখনও সর্বোচ্চ গোলদাতা হলান্ড। চোট মুক্ত থেকে গোলের সংখ্যা আরও বাড়ানোর দিকে তার মনোযোগ। অনেক ম্যাচ, সূচির দিকে তাকান। এটা সহজ নয়। আর আমার জন্য ব্যাপারটা হলো ফিট থাকা, কোনো চোট না পাওয়া। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। আর দলকে সাহায্য করার জন্য তৈরি থাকার চেষ্টা করা।”
২৫ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে চূড়ায় আছে আর্সেনাল। সমান ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে দুই নম্বরে সিটি।