প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৫৭ পিএম (ভিজিট : ৬৮)

X
লিওনেল মেসি
লিওনেল মেসির আগমনের পর থেকেই বদলে গেছে ইন্টার মায়ামির ভাগ্য। মাঠে সাফল্যের পর এবার আর্থিক দিক থেকেও শীর্ষে উঠে এসেছে ক্লাবটি। ক্রীড়া ব্যবসা বিষয়ক মাধ্যম স্পোর্টিকোর সর্বশেষ মূল্যায়নে মেজর লিগ সকারের (এমএলএস) সবচেয়ে দামি ক্লাব এখন ইন্টার মায়ামি। ক্লাবটির বর্তমান বাজারমূল্য ১.৪৫ বিলিয়ন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা ১৭ হাজার ৭৪৬ কোটি টাকার বেশি।
গত এক বছরে ক্লাবটির মূল্য প্রায় ২২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। গত পাঁচ বছর ধরে রাজত্ব করা লস অ্যাঞ্জেলেস এফসি (এলএএফসি) নেমে গেছে দ্বিতীয় স্থানে, যাদের বর্তমান মূল্য ১.৪০ বিলিয়ন ডলার।
গত ডিসেম্বরে মেসির নেতৃত্বে প্রথমবারের মতো এমএলএস কাপ জেতে মায়ামি। একইসঙ্গে এমএলএস কাপের সেরা খেলোয়াড়ও নির্বাচিত হয়েছেন এই আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী তারকা। মাঠের সাফল্য, দর্শক আগ্রহ ও বাণিজ্যিক চুক্তি-সব মিলিয়ে ক্লাবটির বাজারমূল্য বেড়েছে দ্রুতগতিতে। তবে লিগজুড়ে চিত্র একরকম নয়। মূল্যায়নের তালিকায় নিচের দিকের ১২টি ক্লাবের গড় বৃদ্ধি মাত্র ২ শতাংশ। সান হোসে আর্থকোয়েকস, ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপস ও সিএফ মন্ট্রিয়ালের মূল্য বরং কমেছে।
যদিও গত মৌসুমে জার্মান কিংবদন্তি টমাস মুলারের নেতৃত্বে এমএলএস কাপের ফাইনালে উঠেছিল ভ্যাঙ্কুভার। সব মিলিয়ে এমএলএসের ক্লাবগুলোর মোট মূল্য এখন ২৩ বিলিয়ন ডলার। এই হিসাবে ক্লাব মালিকদের মালিকানাধীন সংশ্লিষ্ট রিয়েল এস্টেট ও ফুটবল-সম্পর্কিত ব্যবসাও অন্তর্ভুক্ত রয়েছে। এমএলএসের নতুন মৌসুম শুরু হবে আগামী ২২ ফেব্রুয়ারি।