প্রকাশ: রোববার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ২:৫৬ পিএম (ভিজিট : ৩৭৬)

X
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান
বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নিরঙ্কুশ জয় অর্জন করেছে এবং দলটির চেয়ারম্যান তারেক রহমান আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন।
নির্বাচনের আগে নতুন প্রধানমন্ত্রীর জন্য বাসভবন অনুসন্ধান শুরু করেছিল অন্তর্বর্তী সরকার। বিভিন্ন সম্ভাব্য স্থান নির্ধারণ করা হলেও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যায়নি। পরবর্তীতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাকে সংস্কার করে নতুন সরকারের প্রধানমন্ত্রীর বাসভবন হিসেবে ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সংস্কার সম্পন্ন হতে এক থেকে দুই মাস সময় লাগতে পারে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।
গণপূর্ত মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নতুন সরকারের প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের আবাসনের জন্য একটি কমিটি গঠন করা হয়েছিল। শেরেবাংলা নগরের সংসদ ভবন এলাকার স্পিকার ও ডেপুটি স্পিকারের বাসভবন এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় এলাকা প্রধানমন্ত্রীর জন্য সম্ভাব্য স্থান হিসেবে বিবেচিত হয়েছিল। তবে কমিটি স্পিকার ও ডেপুটি স্পিকারের বাসভবনকে বেশি উপযোগী মনে করে চূড়ান্ত সুপারিশ করেছিল।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে বিএনপি দুই শতাধিক আসনে জয়ী হয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। এর ফলে দলটি এককভাবে সরকার গঠন করতে যাচ্ছে, এবং সর্বোচ্চ আসনপ্রাপ্ত নেতা তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।