ইতালির বিদায়, অপরাজিত থেকে শেষ আটে ওয়েস্ট ইন্ডিজ

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

ভারত ও শ্রীলংকায় অনুষ্ঠিত চলমান টি২০ বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ পর্বে দাপট ধরে রাখল ওয়েস্ট ইন্ডিজ। বৃহস্পতিবার ভারতের কলকাতার

2026-02-19T20:59:45+00:00
2026-02-19T20:59:45+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
ইতালির বিদায়, অপরাজিত থেকে শেষ আটে ওয়েস্ট ইন্ডিজ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৫৯ পিএম   (ভিজিট : ৪৯)
টি২০ বিশ্বকাপে বৃহস্পতিবার ভারতের কলকাতার ইডেন গার্ডেন্সে ইতালির বিপক্ষে উইকেট পেয়ে উচ্ছ্বসিত ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা-ইন্টারনেট
X

টি২০ বিশ্বকাপে বৃহস্পতিবার ভারতের কলকাতার ইডেন গার্ডেন্সে ইতালির বিপক্ষে উইকেট পেয়ে উচ্ছ্বসিত ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা-ইন্টারনেট

ভারত ও শ্রীলংকায় অনুষ্ঠিত চলমান টি২০ বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ পর্বে দাপট ধরে রাখল ওয়েস্ট ইন্ডিজ। বৃহস্পতিবার ভারতের কলকাতার ইডেন গার্ডেন্সে ইতালিকে ৪২ রানে হারিয়ে গ্রুপ পর্বের চারটি ম্যাচেই জয় তুলে নিল ক্যারিবীয়রা। অন্যদিকে প্রথমবার বিশ্বকাপে খেলতে আসা ইতালির যাত্রা শেষ হলো হার দিয়ে।
এদিন ম্যাচের শুরুতেই ইতালির বোলাররা চমক দেখিয়েছিলেন। পাওয়ার প্লে-র মধ্যেই ইন-ফর্মে থাকা ব্র্যান্ডন কিং ও শিমরন হেটমায়ারকে ফিরিয়ে দিয়ে ওয়েস্ট ইন্ডিজকে চাপে ফেলে দেয় বেন মানেন্টির দল। তবে বিপর্যয়ে হাল ধরেন অধিনায়ক শাই হোপ।  একদিকে উইকেট পড়লেও অন্যপ্রান্তে ধীরস্থিরভাবে ব্যাটিং করে দলকে লড়াকু পুঁজি এনে দেন তিনি। হোপের দুর্দান্ত ৭৫ রানের (৪৬ বল) ওপর ভর করে নির্ধারিত ওভারে ১৬৫ রান সংগ্রহ করে ওয়েস্ট ইন্ডিজ।
ইতালির ক্রিশান কালুগামাগে ২৫ রানে ২ উইকেট নিয়ে নজর কাড়েন। ১৬৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুটা আগ্রাসী করেছিল ইতালি। দুই মস্কো ভাই মিলে দ্রুত রান তোলার চেষ্টা করলেও ওয়েস্ট ইন্ডিজের পেস আক্রমণের সামনে তা বেশিক্ষণ টেকেনি।  ম্যাথিউ ফোর্ড ও শামার জোসেফের বোলিং তোপে তাসের ঘরের মতো ভেঙে পড়ে ইতালির ব্যাটিং লাইনআপ।
ফোর্ড ১৯ রানে ৩ উইকেট এবং শামার জোসেফ ৩০ রানে ৪ উইকেট নিয়ে ইতালির ইনিংস গুঁড়িয়ে দেন। শেষ পর্যন্ত ১৮তম ওভারেই অল-আউট হয়ে যায় ইতালি। আর এই জয়ের ফলে পূর্ণ আত্মবিশ্বাস নিয়ে সুপার এইটে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। অন্যদিকে, বিদায় নিলেও নিজেদের প্রথম বিশ্বকাপে লড়াকু মানসিকতার ছাপ রেখে গেল ইতালি।
টসের সময় শাই হোপ বলেছিলেন, “প্রক্রিয়া ধরে রাখতে হবে।” সেটির প্রমাণ দিতেই যেন আগের একাদশই ধরে রাখে তারা। আগেই সুপার এইট নিশ্চিত হলেও পরীক্ষা-নিরীক্ষার কোনো পথ বেছে নেওয়া হয়নি। এদিন টস হেরে ব্যাটিংয়ে নেমে অবশ্য কিছুটা পরীক্ষায় পড়ে যায় তারা। দ্বিতীয় ওভারেই বাঁহাতি পেসার আলি হাসানের দারুণ ডেলিভারিতে বিদায় নেন ব্র্যান্ডন কিং। একাদশে ফেরা টমাস ড্রাকা একটু পরে ফিরিয়ে দেন শিমরন হেটমায়ারকে।
রান আসছিল তখন কেবল হোপের ব্যাটেই। পাওয়ার প্লেতে দলের ৪৮ রানের ৩৯ আসে তার ব্যাট থেকেই। তৃতীয় উইকেটে ৫০ বলে ৬৪ রানের জুটি গড়েন তিনি রস্টন চেইসের সঙ্গে। তবে চেইস একদমই ছন্দ পাননি। আউটও হয়ে যান ২৫ বলে ২৪ রান করে। রভম্যান পাওয়েল আউট হয়ে যান একটি ছক্কার পরই। পুরো সমটায় আরেক প্রান্ত থেকে দলকে এগিয়ে নেন হোপ। ১৫ ওভারে দলের রান যখন ১১৫, অধিনায়কের অবদান তাতে ৭৫।
লেগ স্পিনার কৃষান কালুগামাগের বলে স্লগ সুইপের চেষ্টায় শেষ হয় হোপের পথচলা। ৩০০তম আন্তর্জাতিক ম্যাচে জেসন হোল্ডার থেমে যান একটি ছক্কা মেরেই। শেষ দিকে কিছুটা রান বাড়ান শেরফেন রাদারফোর্ড (১৫ বলে ২৪*) ও ম্যাথু ফোর্ড (৮ বলে ১৬*)। শেষ ৫ ওভারে ৫০ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। সেই স্কোর নিয়ে তাদের শঙ্কার কারণ ছিল যথেষ্টই। আগের ম্যাচে এই মাঠেই ইংল্যান্ডকে কাঁপিয়ে দিয়ে ১৭৮ রান তুলেছিল ইতালি, মুম্বাইয়ে নেপালের ১২৩ রান টপকে গিয়েছিল তারা ত্রয়োদশ ওভারেই কোনো উইকেট না হারিয়ে। তবে শেষ ম্যাচটিতে সেই বারুদ দেখা গেল না তাদের ব্যাটে।
অ্যান্থনি মোস্কা শুরুটা ভালো করলেও আউট হয়ে যান ১২ বলে ১৯ রান করে। তার ছোট ভাই জাস্টিন মোস্কা ও তিনে নামা সৈয়দ নাকভি ফেরেন দ্রুতই। ভালো করতে পারেননি অধিনায়ক হ্যারি ম্যানেন্টিও। জেজে স্মাটসের লড়াই শেষ হয় ২৭ বলে ২৪ করে। বোলিংয়ে ২ উইকেট নেওয়া বেন ম্যানেন্টি পরের দিকে আরেকটু লড়াই করে ২১ বলে করেন ২৬। ৮ রানের মধ্যে শেষ ৪ উইকেট হারিয়ে তাদের ইনিংস শেষ হয় ২ ওভার আগেই।
শেষ উইকেটটি নিয়ে ৪ উইকেট পূর্ণ করেন জোসেফ। আন্তর্জাতিক টি২০ এক ম্যাচে ৪ উইকেট ও ৪ ক্যাচ নেই আর কারও। জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে সোমবার সুপার এইট শুরু করবে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম বিশ্বকাপে একটি জয়, দারুণ কিছু লড়াই আর অনেক সম্ভাবনার ঝিলিক নিয়ে দেশে ফিরবে ইতালি।
সংক্ষিপ্ত স্কোর:
ওয়েস্ট ইন্ডিজ :২০ ওভারে ১৬৫/৫ (কিং ৪, হোপ ৭৫, হেটমায়ার ১, চেইস ২৪, পাওয়েল ৯, রাদারফোর্ড ২৪*, হোল্ডার ৯, ফোর্ড ১৬*; স্মাটস ৪-০-২৭-০, হাসান ৩-০-২৪-১, ড্রাকা ২-০-২২-১, স্টুয়ার্ট ৩-০-৩০-০, বেন ম্যানেন্টি ৪-০-৩৭-২, কালুগামাগে ৪-০-২৫-২)।
ইতালি : ১৮ ওভারে ১২৩ (জাস্টিন মোস্কা ২, অ্যান্থনি মোস্কা ১৯, নাকভি ৬, স্মাটস ২৪, হ্যারি ম্যানেন্টি ৮, বেন ম্যানেন্টি ২৬, স্টুয়ার্ট ১২, মিড ৪, কালুগামাগে ২*, ড্রাকা ৫, হাসান ০ ; আকিল ৩-০-২৫-১, ফোর্ড ৪-০-১৯-৩, হোল্ডার ৩-০-১৯-০, মোটি ৪-০-২৪-২, জোসেফ ৪-০-৩০-৪)।
ফল: ওয়েস্ট ইন্ডিজ ৪২ রানে জয়ী।
ম্যান অব দা ম্যাচ: শাই হোপ।







Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy