প্রকাশ: শনিবার, ৭ মার্চ, ২০২৬, ১:০১ পিএম (ভিজিট : ১০৬)

X
ফাইল ছবি
পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো ইনজুরি গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য আবারও স্পেনে যাচ্ছেন। হ্যামস্ট্রিংয়ের এই চোট প্রাথমিকভাবে যতটা ভাবা হয়েছিল, পরীক্ষা-নিরীক্ষার পর দেখা গেছে তা আরও বেশি গুরুতর।
গত শনিবার আল-ফাইহার বিপক্ষে ৩-১ ব্যবধানে জয়ের ম্যাচে চোট পেয়ে মাঠ ছাড়েন ৪১ বছর বয়সী এই ফরোয়ার্ড। সেই ম্যাচে একটি পেনাল্টি মিস করলেও আল-নাসরের হয়ে চলতি মৌসুমে দুর্দান্ত ফর্মে আছেন তিনি।
সৌদি প্রো লিগে এখন পর্যন্ত ২২ ম্যাচে ২১টি গোল করেছেন এই কিংবদন্তি। নিওমের বিপক্ষে পরবর্তী ম্যাচের আগে আল-নাসর কোচ হোর্হে জেসুস নিশ্চিত করেছেন যে, রোনালদো চিকিৎসার জন্য মাদ্রিদে যাবেন। সেখানে তিনি তার ব্যক্তিগত ফিজিওথেরাপিস্টের তত্ত্বাবধানে থাকবেন।
জেসুস বলেন, ‘গত ম্যাচে রোনালদো পেশির ইনজুরি নিয়ে মাঠ ছেড়েছিলেন। টেস্টের পর দেখা গেছে ইনজুরিটি আমাদের ধারণার চেয়েও বেশি গুরুতর। তার এখন বিশ্রাম ও দীর্ঘ মেয়াদী পুনর্বাসন প্রয়োজন। আমরা আশা করছি দ্রুতই তিনি সুস্থ হয়ে দলে ফিরবেন।’ রোনালদোর এই ইনজুরি পর্তুগাল জাতীয় দলের জন্যও দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।
আগামী ২৯ মার্চ মেক্সিকো এবং ১ এপ্রিল যুক্তরাষ্ট্রের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে পর্তুগালের। সেই ম্যাচে পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা মাঠে নামতে পারবেন কি না, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ক্যারিয়ারে এখন পর্যন্ত ৯৬৫টি গোল করা রোনালদো আগেই ঘোষণা দিয়েছিলেন যে, ১০০০ গোল পূর্ণ না হওয়া পর্যন্ত তিনি অবসরে যাবেন না। তবে মাঠের বাইরের নানা বিতর্ক এবং চোট তার এই লক্ষ্য পূরণে কিছুটা বাধা হয়ে দাঁড়াচ্ছে।
গত মাসেই তিন ম্যাচ মাঠের বাইরে থাকার পর দলে ফিরেছিলেন রোনালদো। গুঞ্জন রয়েছে, সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের ক্লাব পরিচালনা পদ্ধতি নিয়ে তিনি কিছুটা অসন্তুষ্ট ছিলেন।
উল্লেখ্য, ২০২২ সালের ডিসেম্বরে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে আল-নাসরে যোগ দেন রোনালদো। বার্ষিক ১৭৭ মিলিয়ন পাউন্ড বেতনে ফুটবলের ইতিহাসে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া এই খেলোয়াড় গত জুনেই ক্লাবের সঙ্গে নতুন করে দুই বছরের চুক্তি স্বাক্ষর করেছেন।